মোটরসাইকেল নিয়ে জাফলং ঘুরতে গিয়ে স্কুলছাত্র নিহত, আহত ২ বন্ধু

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ১৭:০২

সিলেটের গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং ইউনিয়নে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও দুই সহপাঠী। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

রোববার (৫ জুলাই) দুপুর আনুমানিক সাড়ে ১২টায় উপজেলার ৩ নম্বর পূর্ব জাফলং ইউনিয়নের রাধানগর-বাউরভাগ চা বাগান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম সাকিব আহমদ (১৬)। তিনি উপজেলার নয়াবস্তি গ্রামের মহরম মিয়ার ছেলে।

আহতরা হলেন- ছৈলাখেল গ্রামের হাবিবুর রহমান (হবি) মিয়ার ছেলে রায়হান আহমেদ (১৬) এবং তিনি লাখেরপাড় গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে জয় (১৬)। তারা তিনজনই অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, চলমান অষ্টম শ্রেণির পরীক্ষা শেষে তিন বন্ধু মোটরসাইকেলযোগে জাফলং চা বাগান এলাকায় ঘুরতে যায়। পরে রাধানগর বাজারে যাওয়ার পথে তাদের বহনকারী একটি পালসার মোটরসাইকেল দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই সাকিব আহমদ নিহত হন। অপর দুই শিক্ষার্থী গুরুতর আহত অবস্থায় সিলেট কুইন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক মোড়ল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে এবং আরও দুইজন গুরুতর আহত অবস্থায় সিলেটস্থ কুইন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের অবস্থাও তেমন ভালো নয়। এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছিল।

ইত্তেফাক/এপি