শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরে জাহিদ হাসান নামে এক জামায়াত নেতার ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। দুর্বৃত্তরা তার হাত-পা বেঁধে এলোপাতাড়ি মারধর করে নগদ টাকা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার (৪ জুলাই) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে পৌর শহরের চকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত জাহিদ হাসান নালিতাবাড়ী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্যবসায়ী ফোরামের শেরপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
ভুক্তভোগী ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার রাতে নালিতাবাড়ী বাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে হেঁটে বাড়ি ফিরছিলেন জাহিদ হাসান। পথে চকপাড়া এলাকার একটি নির্জন স্থানে পৌঁছালে দুটি মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত চারজন দুর্বৃত্ত তার পথরোধ করে।
এ সময় হামলাকারীরা তার মাথায় একটি কালো ব্যাগ পরিয়ে হাত-পা বেঁধে ফেলে এবং এলোপাতাড়িভাবে মারধর শুরু করে। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে দুর্বৃত্তরা তার সঙ্গে থাকা নগদ টাকা নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরিবারের সদস্যরা জানান, প্রায় আধা ঘণ্টা সড়কের পাশে অচেতন অবস্থায় পড়ে থাকার পর স্থানীয়রা তাকে উদ্ধার করেন। পরে রাত আড়াইটার দিকে তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
জাহিদ হাসানের বড় ভাই আব্দুল মোমেন বলেন, ‘পরিকল্পিতভাবে রাজনৈতিক উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়ে থাকতে পারে।’ তিনি ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতির কথাও জানান।
নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানভীর ইবনে কাদের বলেন, জাহিদ হাসানের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।
এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, ঘটনাটি সম্পর্কে আমরা অবগত আছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

