মঙ্গলবারের ‘জুলাই পদযাত্রা’ স্থগিত করল এনসিপি

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ১৯:৩৫

কক্সবাজারের উখিয়ায় প্রতিকূল আবহাওয়া ও ভয়াবহ পাহাড়ধসের কারণে প্রাণহানির ঘটনায় পূর্বনির্ধারিত কর্মসূচি স্থগিত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণাঞ্চলের জন্য নির্ধারিত ‘জুলাই পদযাত্রা’ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিবৃতি অনুযায়ী, মঙ্গলবার (৭ জুলাই) কক্সবাজার সদর, পৌরসভা, বান্দরবান সদর, চট্টগ্রামের আনোয়ারা এবং খাগড়াছড়ি সদরে এনসিপির এই পদযাত্রা কর্মসূচি হওয়ার কথা ছিল। তবে বর্তমান দুর্যোগপূর্ণ পরিস্থিতি বিবেচনায় দলটি কর্মসূচি পরিবর্তনের এই সিদ্ধান্ত নিয়েছে।

আগামী বৃহস্পতিবার (৯ জুলাই) ফেনীর সোনাগাজী থেকে এনসিপির দক্ষিণাঞ্চলের পদযাত্রা পুনরায় শুরু হবে। এছাড়া যেসব এলাকায় কর্মসূচি স্থগিত করা হয়েছে, সেগুলোর পদযাত্রা এই মাসের শেষ দিকে নতুন সময়সূচি অনুযায়ী আয়োজিত হবে।

উল্লেখ্য, গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবি নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এই কর্মসূচি পরিচালনা করছে। পদযাত্রাটি উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল—এই দুই ভাগে বিভক্ত। সোমবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জে একটি সমাবেশের মাধ্যমে এনসিপির উত্তরাঞ্চলের পদযাত্রা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে।

ইত্তেফাক/এএম