ট্রেনে যাত্রীসেবার মান বাড়াতে পর্যাপ্ত এটেনডেন্ট রাখার দাবি

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ২২:০৫

 ‘দেশের বিভিন্ন রুটে চলাচলকারী ট্রেনসমূহে যাত্রীদের ভোগান্তি চরম আকার ধারণ করেছে। যাত্রীরা রেল ভ্রমণে নানামুখী হয়রানির শিকার হচ্ছেন। আন্তঃনগর ট্রেনগুলোতে যাত্রীসেবার মান কিছুটা উন্নত হলেও অন্যান্য ট্রেনের যাত্রীরা প্রতিনিয়তই দুর্ভোগ পোহাচ্ছেন। বিভিন্ন ট্রেনে যাত্রীসেবার মান কমে যাওয়ার পাশাপাশি ট্রেনে হিজড়াদের দাপট বেড়েছে। যাত্রীদেরকে ছিনতাইকারীর কবলে পড়তে হচ্ছে। টিকিট বিহীন যাত্রীসহ নানাবিধ সংকট প্রকট আকার ধারণ করছে।’—গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ রেলওয়ে চলাচলরত যাত্রী কল্যাণ সংস্থা চট্টগ্রাম বিভাগের এক বিবৃতিতে এসব অভিযোগ করা হয়। বিবৃতিতে বলা হয়, এটেনডেন্ট সংকটের কারণে প্রতিদিন ৪৯টি আন্তঃনগর ট্রেনে চলাচলকারী লাখ লাখ যাত্রী দুর্ভোগের শিকার হচ্ছেন। বিশেষ করে ট্রেনের বগিগুলোতে পর্যাপ্ত এটেনডেন্ট না থাকায় হিজড়াদের উত্পাতে অতিষ্ঠ হয়ে পড়েছে যাত্রীসাধারণ। ফলে পরিবার-পরিজন নিয়ে ট্রেন ভ্রমণে আগ্রহ হারিয়ে ফেলছেন তারা।

বিবৃতিতে আরও বলা হয়, এটেনডেন্ট সংকটের কারণে  মহিলা, শিশু, প্রতিবন্ধী, বৃদ্ধ ও অসুস্থ যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা যাচ্ছে না। ১৫ বগির একটি ট্রেন পরিচালনা করতে ২ শিফটে ১৫ জন করে ৩০ জন এটেনডেন্ট প্রয়োজন। সরকারি এটেনডেন্ট দিয়ে অতিরিক্ত রাজস্ব ব্যয় হওয়ায় যাত্রীরা এমন দুর্ভোগ পোহাচ্ছে। বিবৃতিতে অবিলম্বে আন্তঃনগর ট্রেনগুলোতে আউটসোর্সিং পদ্ধতিতে প্রয়োজনীয় এটেনডেন্ট নিয়োগ দিয়ে যাত্রী ভোগান্তি দূর করতে রেল কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়।

বিবৃতিতে স্বাক্ষর করেন সংস্থার সভাপতি হাবিবুল আলম, সহ-সভাপতি আহম্মদ ছোবহান, সাধারণ সম্পাদক আলী ইমাম, যুগ্ম সম্পাদক নুর হোসেন জগলু, দপ্তর সম্পাদক আতাউর রহমান প্রমুখ।