৫৫৩ দিন ধরে কারাগারে বন্দি বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৪তম জন্মবার্ষিকী আজ। তিনি ৭৫ বছরে পা রাখলেন। দলীয় সূত্র জানায়, বেগম খালেদা জিয়া ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার মা চন্দনবাড়ির মেয়ে তৈয়বা মজুমদার আর পিতা ফেনীর ফুলগাজির ইস্কান্দার মজুমদার।
দোয়া মাহফিলের মাধ্যমে দলের কারাবন্দি চেয়ারপারসনের জন্মবার্ষিকী পালন করবে বিএনপি। গতকাল বুধবার বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ তথ্য জানিয়েছেন। রিজভী বলেন, জন্মবার্ষিকী উপলক্ষ্যে আগামীকাল শুক্রবার ঢাকাসহ সারাদেশে বিএনপির পক্ষ থেকে তার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
ঈদের দিন দুই নাতনিকে নিয়ে বাসায় রান্না করা খাবার
খেয়েছেন খালেদা জিয়া
পবিত্র ঈদুল আজহার দিন দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের কেবিনে দুই নাতনিকে পাশে বসিয়ে বাসায় রান্না করা খাবার খেয়েছেন কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। স্বজনরা জানান, কারা তত্ত্বাবধানে হাসপাতালে থাকা গুরুতর অসুস্থ বেগম জিয়া ঈদের দিন দুই নাতনিকে কাছে পেয়ে খুশি হয়েছেন। খালেদা জিয়ার ছোটো ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি তাদের দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমানকে নিয়ে সোমবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে যান কারাবন্দি খালেদা জিয়াকে দেখতে। পরিবারের সদস্যরা জানান, জাহিয়া ও জাফিয়া দাদির পা ছুঁয়ে সালাম করলে দুই নাতনিকে বুকে জড়িয়ে ধরে আদর করেন খালেদা জিয়া। দুই ঘণ্টা তাদের সঙ্গে সময় কাটিয়েছেন বিএনপি চেয়ারপারসন।
