গলাচিপা উপজেলার উলানিয়া বন্দরে ডাকসু ভিপি নুরুল হক নুরের মোটর সাইকেল বহরে হামলার ঘটনা ঘটেছে। হামলায় নুরসহ ৫ থেকে ৭ জন আহত হয়েছে। ঘটনার পর পুলিশ নুরকে উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিত্সা শেষে নুর গ্রামের বাড়ি ফিরে যান।
সূত্র জানায়, বুধবার নুরুল হক গ্রামের বাড়ি উপজেলার চরবিশ্বাস থেকে মোটর সাইকেল বহর নিয়ে দশমিনা উপজেলায় বোনের বাড়ি যাওয়ার উদ্দেশে রওয়ানা দেন। দুপুর ১টায় উলানিয়া বন্দরে পৌঁছালে দুষ্কৃতকারীরা লাঠি ও লোহার রড নিয়ে নুর ও তার সঙ্গীদের ওপর হামলা চালায়। নুর দৌড়ে একটি ঘরে আশ্রয় নেয়। ঘটনার পরপরই সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. হাফিজুর রহমান ও গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার মোর্শেদ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা নুরকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
গলাচিপা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ আসিফ বলেন, ভিপি নুরের ওপর হামলার সঙ্গে ছাত্রলীগ কিংবা যুবলীগের কেউ জড়িত নয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানান, প্রাথমিক চিকিত্সা শেষে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
