কাঁচা চামড়া রপ্তানির যে সিদ্ধান্ত নিয়েছে সরকার, তার কড়া সমালোচনা করে এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য না পেয়ে যখন দেশের মানুষ ক্ষোভে-দুঃখে চামড়া মাটিতে পুঁতে ফেলল, তখনই পানির দরে কেনা কাঁচা চামড়া রপ্তানির ঘোষণা দিল সরকার। ঈদ উপলক্ষ্যে সরকারি ছুটি চলছে। অফিস, আদালত সব বন্ধ। এই সময়ে হঠাত্ মঙ্গলবার রাতের অন্ধকারে কাঁচা চামড়া রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করল সরকার। গরিব, মিসকিন, এতিমদের হক মারার পর কার স্বার্থোদ্ধারে, কেন তড়িঘড়ি করে এই রপ্তানির ঘোষণা দেওয়া হলো, তা দেশের মানুষ জানতে চায়।
গতকাল বুধবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। অন্যদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
