মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান

আপডেট : ০৭ জুলাই ২০২৬, ১৫:৫৯

আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর মঙ্গলবার (৭ জুলাই) ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ৩৯তম জন্মদিনের ঠিক আগের দিন চলে গেলেন আফগান ক্রিকেটের এই পরিচিত মুখ।

দীর্ঘদিন ধরে তিনি হেমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিস (এইচএলএইচ) নামে বিরল ও জটিল রোগে ভুগছিলেন বলে জানা গেছে। গত বছরের অক্টোবরে প্রথম অসুস্থ হয়ে পড়েন জাদরান। পরে আফগানিস্তানের চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ভারতে যান ৩৮ বছর বয়সী এই পেসার। গত কয়েক মাস ধরে ভারতের দিল্লির একটি হাসপাতালে তার চিকিৎসা চলছিল।

চিকিৎসার পর প্রথম দিকে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছিল। তবে মাত্র ২০ দিনের মধ্যেই তার শারীরিক অবস্থার আবার অবনতি ঘটে। এরপর থেকে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন।

তবে শেষ পর্যন্ত সকল চেষ্টা ব্যর্থ করে না জন্মদিনের একদিন আগেই ফেরার দেশে পাড়ি জমালেন সাবেক এই আফগান পেসার।

শাপুর জাদরানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এক শোকবার্তায় বোর্ড বলেছে, ‘গভীর শোক ও দুঃখের সঙ্গে আমরা আফগানিস্তানের সাবেক ফাস্ট বোলার শাপুর জাদরানের মৃত্যুতে শোক প্রকাশ করছি।’

আফগানিস্তান ক্রিকেটের পথিকৃৎ পেসারদের একজন ছিলেন শাপুর জাদরান। আন্তর্জাতিক অঙ্গনে দলটির উত্থানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ওয়ানডে ও টি-টোয়েন্টি—দুই সংস্করণেই আফগানিস্তানের প্রতিনিধিত্ব করেছেন তিনি। গতি ও আক্রমণাত্মক বোলিংয়ের জন্য পরিচিত ছিলেন এই বাঁহাতি পেসার।

আফগানিস্তানকে আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিষ্ঠিত করতে যে প্রজন্মটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, শাপুর ছিলেন তাদেরই একজন। তার হাত ধরেই দলটি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ও আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপসহ বড় আসরগুলোতে জায়গা করে নেয় এবং আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে।

ইত্তেফাক/এমএসআর