আরো এক মাস ডিএমপি কমিশনার থাকছেন আছাদুজ্জামান

আপডেট : ১৫ আগস্ট ২০১৯, ০০:১৫

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়ার চাকরির মেয়াদ শেষ হলেও তাকে সরকার আরো এক মাসের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। ১৩ আগস্ট মঙ্গলবার বিকালে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। সেখানে ১৪ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত আছাদুজ্জামান মিয়া সপদে বহাল থাকছেন বলে জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস ক্যাডারের কর্মকর্তা আছাদুজ্জামান মিয়াকে তার অবসর-উত্তর ছুটি বাতিলের শর্তে আগামী ১৪ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত অথবা যোগদানের তারিখ থেকে এক মাস (ত্রিশ দিন) মেয়াদে ডিএমপির কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

১৯৬০ সালের ১৪ আগস্ট ফরিদপুরের আলফাডাঙ্গায় জন্ম নেন আছাদুজ্জামান মিয়া। ১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশবাহিনীতে যোগ দেন। সিলেট, সুনামগঞ্জ, পাবনা, টাঙ্গাইলসহ বিভিন্ন বিভাগের বিভিন্ন জেলা ও রেঞ্জে দায়িত্ব পালনের পর হাইওয়ে পুলিশের ডিআইজিও হন তিনি। ২০১৫ সালের ৭ জানুয়ারি ডিএমপি কমিশনার পদে যোগ দেন এই পুলিশ কর্মকর্তা।