স্বাস্থ্যমন্ত্রী ‘সো বিজি’: স্পিকার

আপডেট : ০৭ জুলাই ২০২৬, ২২:২০

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে জাতীয় সংসদে বক্তব্য দিচ্ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম। এ সময় স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেনকে কিছুটা অমনোযোগী দেখে তার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

‘মাননীয় স্বাস্থ্যমন্ত্রী’, ‘মাননীয় স্বাস্থ্যমন্ত্রী’—এভাবে দুবার সম্বোধন করেন স্পিকার। কিন্তু স্বাস্থ্যমন্ত্রী বিষয়টি খেয়াল করেননি। তখন স্পিকার বলেন, ‘সো বিজি।’

এরপর স্বাস্থ্যমন্ত্রী সতর্ক হলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘আপনার উদ্দেশে বক্তব্য রাখছেন সদস্য, একটু দয়া করে শুনুন।’

মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে নোটিশের ওপর আলোচনার সময় এ ঘটনা ঘটে। পরে সংসদ সদস্য বিলকিস ইসলাম তার নোটিশের বিষয়ে বক্তব্য দেন।

সংসদে ‘খুল্লাম খুল্লা’ ফোন ব্যবহার, সতর্ক করলেন স্পিকার

সংসদে মুঠোফোন ব্যবহারের ক্ষেত্রে সংসদ সদস্যদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ বিল নিয়ে আলোচনা চলছিল। এ সময় একজন সংসদ সদস্যকে মুঠোফোন ব্যবহার করতে দেখে তার দৃষ্টি আকর্ষণ করেন স্পিকার। 

তিনি বলেন, ‘সংসদে কেউ কেউ টেলিফোন ব্যবহার করেন একটা আড়াল রেখে। আপনি তো খুল্লাম খুল্লা ইউজ করছেন।’ সংসদ সদস্যদের উদ্দেশে স্পিকার বলেন, ‘অনুগ্রহ করে সংসদে ফোন ব্যবহার করবেন না। এটি রীতিবিরুদ্ধ। এটি সবার জন্য প্রযোজ্য। সংসদের মর্যাদা সমুন্নত রাখবেন, এটাই আমি আশা করি।’

ইত্তেফাক/এমএস