স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদ্যন্ত্রে তিনটি ব্লক শনাক্ত হয়েছে। রোববার (১৫ নভেম্বর) বিকেল ৪টায় রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড হাসপাতাল) তার হৃদ্যন্ত্রে স্টেন্ট বসানোর কথা রয়েছে।
পরিবারের এক সদস্য জানান, বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর স্বাস্থ্যমন্ত্রীর এনজিওগ্রাম করা হয়। এতে হৃদ্যন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এখন তার এনজিওপ্লাস্টি করে স্টেন্ট বসানোর প্রস্তুতি চলছে। এ সময় দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন পরিবারের ওই সদস্য।
তিনি আরও জানান, দেশের চিকিৎসাব্যবস্থার প্রতি মানুষের আস্থা বাড়াতে স্বাস্থ্যমন্ত্রী নিজেই দেশের হাসপাতালে চিকিৎসা নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তার চিকিৎসায় নেতৃত্ব দিচ্ছেন হৃদ্রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামান।
এর আগে গত শনিবার সকালে বুকে ব্যথা অনুভব করলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল তার এনজিওগ্রাম করেন। হাসপাতালের চিকিৎসক ডা. ফজলে রাব্বি এ তথ্য জানান।
উল্লেখ্য, সরদার মো. সাখাওয়াত হোসেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং নরসিংদী-১ আসনের সংসদ সদস্য।
