নেদারল্যান্ডসের দি হেগে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বাংলাদেশ হাউজে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-উল-আযহা উদযাপন করলো অনাবাসী বাংলাদেশিরা। রবিবার ঈদ-সন্ধ্যায় নেদারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মুহম্মদ বেলালের উদ্যোগে তার সরকারি বাসভবনে ‘ঈদ ওপেন হাউজ’ আয়োজন করা হয়।
দূতাবাসের আমন্ত্রণে সাড়া দিয়ে নেদারল্যান্ড ও পার্শ্ববর্তী দেশ বেলজিয়াম থেকে প্রায় শতাধিক বাংলাদেশি বাংলাদেশ হাউজে উপস্থিত হন। রাষ্ট্রদূত শেখ মুহম্মদ বেলাল ও তার সহধর্মিণী ড. দিলরুবা নাসরীন আগত অতিথিদের স্বাগত জানান এবং সকলের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
আরো পড়ুন: গাজীপুরে স্ত্রীকে হত্যা করে ১৫ টুকরা, স্বামী গ্রেফতার
ঈদ মিলনমেলায় নেদারল্যান্ডের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীবৃন্দ এবং নেদারল্যান্ডে বিভিন্ন শ্রেণিপেশায় কর্মরত বাংলাদেশ কমিউনিটির সদস্যগণ সপরিবারে উপস্থিত ছিলেন।

দূতাবাস কর্তৃক আয়োজিত ঈদ ওপেন হাউজে বাংলাদেশি কমিউনিটির শিশু-কিশোরদের সরব উপস্থিতি পরিবেশকে উৎসবমুখর করে তোলে। উপস্থিত সকল বাংলাদেশির সঙ্গে রাষ্ট্রদূত ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময়ের পাশাপাশি তাদের সার্বিক খোঁজ-খবর নেন। ইসলামের ভ্রাতৃত্ববোধও ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে প্রবাসী বাংলাদেশিদের একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে দেখা যায়।
দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করে শোনানো হয়। অতঃপর রাষ্ট্রদূত পবিত্র ঈদ উপলক্ষ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।

রাষ্ট্রদূত বেলাল তার শুভেচ্ছা বক্তব্যে প্রবাসী বাংলাদেশিদের নিজ নিজ কর্মক্ষেত্রে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে বাংলাদেশের ভাবমুর্তিকে আরো উজ্জ্বল করার আহ্বান জানান।
তিনি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের অগ্রযাত্রাকে সমুন্নত রাখতে প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ন ভূমিকা রয়েছে মর্মেও তার বক্তব্যে উল্লেখ করেন। ত্যাগের মন্ত্রে দীক্ষিত হয়ে পবিত্র ঈদ পালনে নেদারল্যান্ডে বসবাসরত সকল বাংলাদেশিকে একত্র করতে দূতাবাসের এ উদ্যোগকে সকলে স্বাগত জানান।
ইত্তেফাক/বিএএফ
