ন্যায্য বেতন, শ্রমিক ছাঁটাই বন্ধসহ বিভিন্ন দাবিতে মানিকগঞ্জের শিবালয়ে একটি চীনা মালিকানাধীন প্রতিষ্ঠানের শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
বুধবার (৮ জুলাই) সকালে মানিকগঞ্জের শিবালয় উপজেলার নবগ্রামে অবস্থিত একটি চীনা নাগরিকের মালিকানাধীন হার্ডওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রতিষ্ঠানের প্রায় তিন শতাধিক শ্রমিক ঢাকা-আরিচা মহাসড়কের সংযোগ উথলী-পাটুরিয়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানবাহনের সারি সৃষ্টি হয়। এতে দূরপাল্লার যাত্রী, পরিবহন শ্রমিক ও সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন।
আন্দোলনরত শ্রমিকরা ব্যানার-ফেস্টুন হাতে মহাসড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। শ্রমিকদের অভিযোগ, গত ৭ এপ্রিল ন্যূনতম মজুরি নির্ধারণ করে সরকারি গেজেট প্রকাশিত হলেও কারখানা কর্তৃপক্ষ এখনো তা কার্যকর করেনি। বেতন-ভাতা বাড়ানোর দাবি জানানোয় কয়েকজন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। এ ছাড়া প্রতিষ্ঠানের কয়েকজন কর্মকর্তার দুর্ব্যবহারের অভিযোগও তোলেন তারা।
কয়েকজন শ্রমিক জানান, কারখানার মালিকপক্ষ সরকারি গেজেট অবজ্ঞা করে আগের বেতন-ভাতা দিয়ে আসছে। শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বাড়লেও তাদের মজুরি সমন্বয় করা হয়নি। বেতন-ভাতার দাবি জানানো হলে উল্টো কয়েকজন শ্রমিককে অন্যায়ভাবে ছাঁটাই করা হয়েছে। একাধিকবার কর্তৃপক্ষের কাছে দাবি জানালেও কোনো সমাধান না পাওয়ায় তারা মহাসড়ক অবরোধ করে আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং যান চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, শ্রমিকরা তাদের বিভিন্ন দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।
প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকদের অবরোধ কর্মসূচি চলছিল এবং ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল কার্যত স্থবির ছিল।

