সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারে জমা হওয়া দানের অর্থ দ্বিতীয় দফায় আবারও গণনা করা হবে। প্রথম দফার গণনার ১৯ দিন পর আগামী শনিবার (১১ জুলাই) দুপুর ১২টায় মাজার প্রাঙ্গণের উন্মুক্ত স্থানে এ কার্যক্রম অনুষ্ঠিত হবে।
বুধবার (৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন মাজারের আর্থিক ব্যবস্থাপনা তদারকিতে গঠিত উচ্চপর্যায়ের কমিটির সদস্য রেজাউল হাসান কয়েস লোদী। এর আগে প্রথম দফায় দানের অর্থ গণনা করা হলেও অল্প সময়ের ব্যবধানে আবারও গণনার উদ্যোগ নেওয়া হয়েছে।
রেজাউল হাসান কয়েস লোদী জানান, গণনা কার্যক্রমের প্রস্তুতি ও সার্বিক বিষয় নিয়ে বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৪টায় কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।
এর আগে গত ১২ জুন সিলেট সফরে এসে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজার পরিদর্শন করেন তৎকালীন জেলা প্রশাসক সারওয়ার আলম। সে সময় মাজারের আয়-ব্যয়ের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ নেয়ার ঘোষণা দেওয়া হয়। এর ধারাবাহিকতায় ১৮ জুন মাজারে নতুন চারটি দানবাক্স স্থাপন করা হয় এবং দীর্ঘদিনের ঐতিহ্যবাহী তিনটি দানের ডেক ও একটি দানবাক্স সিলগালা করা হয়।
পরবর্তীতে ২২ জুন প্রায় সাত শতকের প্রচলিত রীতি ভেঙে ঐতিহাসিক দানের ডেক ও দানবাক্স খোলা হয়। সেদিন গণনা শেষে মোট ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া যায়। ওই অর্থ জেলা প্রশাসকের নামে সোনালী ব্যাংকে খোলা বিশেষ অ্যাকাউন্টে জমা রাখা হয়েছে।
মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ২৬ জুন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের উদ্যোগে ১১ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়। কমিটিকে এক মাসের মধ্যে আধুনিক, স্বচ্ছ ও কার্যকর আর্থিক ব্যবস্থাপনার কাঠামো প্রণয়নের সুপারিশ দিতে বলা হয়েছে।
জেলা প্রশাসকের প্রত্যাহারের পর এবার নতুন কমিটির তত্ত্বাবধানে দ্বিতীয় দফার দান গণনা অনুষ্ঠিত হবে। গণনা শেষে প্রাপ্ত অর্থও আগের মতো সোনালী ব্যাংকের নির্ধারিত অ্যাকাউন্টে জমা রাখা হবে।

