আর্জেন্টিনা ভক্তদের ‘নির্লজ্জ’ বললেন ওমর সানী

আপডেট : ০৮ জুলাই ২০২৬, ২১:৪৯

নাটকীয়ভাবে শেষ হওয়া মিসর-আর্জেন্টিনার ম্যাচের পর রেফারিং ও ভিএআরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। ম্যাচ শেষে মিসরের কোচ হোসাম হাসান অভিযোগ করে বলেন, বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের সুবিধা দিতে এবং লিওনেল মেসিকে প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে ম্যাচে কারচুপি করা হয়েছে। 

বিশ্বকাপে আর্জেন্টিনার নাটকীয় জয় উদযাপনে যখন সরব সামাজিক যোগাযোগমাধ্যম, ঠিক তখনই ভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা ওমর সানী। এক ভিডিও বার্তায় তিনি ফিফার ভূমিকার সমালোচনা করার পাশাপাশি আর্জেন্টিনার কিছু সমর্থকের আচরণ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন।

ভিডিওতে ওমর সানী জানান, তিনি নিজেও ফুটবলের একজন অনুসারী এবং অভিনয়ে আসার আগে নিয়মিত ফুটবল খেলতেন। দীর্ঘদিন ধরে বিশ্বকাপ দেখে আসছেন বলেও উল্লেখ করেন তিনি। 

তিনি অভিযোগ করেন, ফিফা ইরান ও মিসরের সঙ্গে অন্যায় আচরণ করছে। তার ভাষায়, এমন কর্মকাণ্ড দুঃখজনক এবং প্রশ্নবিদ্ধ।

ব্যক্তিগতভাবে ব্রাজিলের সমর্থক ওমর সানী জানান, ব্রাজিলের পরাজয় তিনি মেনে নিয়েছেন, কারণ তার মতে দলটি সেদিন ভালো খেলতে পারেনি। তবে আর্জেন্টিনার কিছু সমর্থকের বিজয় উদযাপনের ধরন তার ভালো লাগেনি।

তার ভাষায়, ‘ব্রাজিল হেরেছে, আমি এটাকে অন্যায় বলি না। ব্রাজিল খারাপ খেলেছে, তাই হেরেছে। কিন্তু আর্জেন্টিনার কিছু নির্লজ্জ ভক্ত বিজয় উদযাপন করছে। এভাবে উল্লাস করার কোনো কারণ আমি দেখি না।’

ভিডিওর আরেক অংশে ফিফাকে নিয়েও কঠোর মন্তব্য করেন এই অভিনেতা। তিনি দাবি করেন, বর্তমান পরিস্থিতি চলতে থাকলে ভবিষ্যতে ফিফাকে নানা প্রশ্নের মুখোমুখি হতে হতে পারে।

তবে বক্তব্যের শেষদিকে নিজের মন্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমাও চান ওমর সানী। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, লিওনেল মেসিকে তিনি ব্যক্তিগতভাবে পছন্দ করেন, তবে সেটি কোনো দলের সমর্থকদের সব আচরণের সঙ্গে একমত হওয়ার অর্থ নয়।

ইত্তেফাক/আরএইচ