জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা পুরোপুরি বাস্তবায়িত না হওয়ায় এবং মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থতার দায় স্বীকার করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে ফেনীর সোনাগাজীতে এনসিপি আয়োজিত ‘জুলাই পদযাত্রা’র উদ্বোধনী সভায় তিনি এ মন্তব্য করেন।
সভায় হাসনাত আবদুল্লাহ বলেন, “জুলাইয়ের পক্ষের শক্তি হিসেবে আমরা মানুষের প্রত্যাশা পূরণ করতে পারিনি। চব্বিশের গণ-অভ্যুত্থানে যারা রক্ত দিয়েছেন, সেই রক্তের দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করতে পারিনি।” তিনি বর্তমান সরকার ও দেশের সার্বিক পরিস্থিতির তীব্র সমালোচনা করে বলেন, দেশে দুর্নীতি, মাদক ও চাঁদাবাজি কমেনি। এসি কক্ষে বসে জনগণের কষ্ট বোঝা যায় না মন্তব্য করে তিনি বলেন, “আমরা রাজনীতি এবার রাজনীতিবিদদের জন্য কঠিন করতে এসেছি।”
সরকার পরিবর্তনের পরও রাষ্ট্র ও সমাজের বিভিন্ন পর্যায়ে বিভাজনের রাজনীতি রয়ে গেছে বলে অভিযোগ করেন এই নেতা। হাসনাত আবদুল্লাহ বলেন, “চাঁদাবাজি ও দুর্নীতির পরিবর্তন চাওয়া হয়েছিল, কিন্তু অনেক ক্ষেত্রে শুধু পক্ষের পরিবর্তন হয়েছে। আগে এক পক্ষ বালুর ব্যবসা ও মামলা-বাণিজ্য করত, এখন আরেক পক্ষ করছে।” শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের অভাব এবং সমাজে মাদক ও জুয়ার বিস্তারের বিষয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, “আগে যারা ধানখেতে ঘুমাতেন, রিকশা চালাতেন, তারা এখন প্রাডো গাড়ি চালান।”
কর্মসূচির শুরুতে হাসনাত আবদুল্লাহ সোনাগাজীর মনগাজীতে জুলাই অভ্যুত্থানে শহীদ আব্দুল গনি বোরহানের কবর জিয়ারত করেন। এরপর পৌর শহরে পদযাত্রা শেষে সোনাগাজী পৌরসভা চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা এনসিপির আহ্বায়ক আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

