ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ নৃত্যশিল্পী ও অভিনেতা সালমান ইউসুফ খান। জনপ্রিয় নাচের রিয়্যালিটি শো ‘ডান্স ইন্ডিয়া ডান্স’-এর প্রথম মৌসুমের বিজয়ী হয়ে আলোচনায় আসেন তিনি। সম্প্রতি শিশুকে ঘুড়ি ওড়ানো শেখাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন এই অভিনেতা।
শুক্রবার (১০ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
জানা যায়, ১৩ ফুট উঁচু ছাদ থেকে পড়ে গুরুতর আহত হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি দুর্ঘটনার পর তার অস্ত্রোপচারও হয়েছে বলে উল্লেখ করেন এই অভিনেতা।
দুর্ঘটনার বিষয়ে সালমান বলেন, আজকাল বাচ্চারা এত বেশি মোবাইল, আইপ্যাড নিয়ে থাকে, তাই ভাবলাম ওদের ঘুড়ি ওড়ানো শেখাই। ছাদে উঠেই ছেলেমেয়েকে ঘুড়ি ওড়ানো শেখাচ্ছিলাম। তখনই পা হড়কে পড়ে যাই। আমার হাত ভেঙেছে। শরীরের বেশ কিছু হাড়ও ভেঙেছে।
জানা যায়, দুর্ঘটনার পর অস্ত্রোপচার করা হয়েছে সালমানের। আপাতত নাচ থেকে কিছুদিন বিরতিতে থাকতে হচ্ছে তাকে। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এক মাসের বিশ্রাম ও ফিজিওথেরাপির পর তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে জানিয়েছেন।
উল্লেখ্য, নৃত্যশিল্পীর পাশাপাশি অভিনয়েও পরিচিতি পেয়েছেন সালমান। রেমো ডি’সুজা পরিচালিত জনপ্রিয় নাচভিত্তিক চলচ্চিত্র ‘এবিসিডি’ এবং ‘এবিসিডি ২’-এ অভিনয় করেছেন তিনি।

