খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) আয়োজিত ‘আগামীর খুলনা বিনির্মাণে কেডিএ ও জনগণের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা বয়কট করেছে খুলনা মহানগর ও জেলা জামায়াতে ইসলামী। সভার শুরুতে এবং বিশেষ অতিথিদের বক্তৃতা চলাকালে দুই দফায় হট্টগোল ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এছাড়া অনুষ্ঠানে প্রধান অতিথিসহ কয়েকজন অতিথিও উপস্থিত হননি।
শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ৯টায় খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের অডিটোরিয়ামে এ সভা আয়োজন করা হয়।
সরেজমিন গিয়ে ও খোঁজ নিয়ে জানা গেছে, সভা শুরুর সময় সকাল সাড়ে ৯টায় নির্ধারিত ছিল। সাড়ে ১০টার দিকে লোয়ার যশোর রোড থেকে ভেন্যুতে ঢোকার পথে খুলনা মহানগর জামায়াতে ইসলামীর একজন নেতাকে বেশ কয়েকজন কর্মীসহ দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
ওই জামায়াত নেতাকে সেখানে দাঁড়িয়ে থাকার কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘মতবিনিময় সভার ব্যানারে জামায়াতে ইসলামীর দুই এমপি যথাক্রমে খুলনা- ৬ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ ও খুলনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন হেলালের নাম না থাকায় আমরা সভা ছেড়ে চলে এসেছি। কেডিএ’র চেয়ারম্যান অ্যাডভোকেট মনা সাহেব ব্যানারে তাদের নাম লেখা হবে জানিয়েছেন। সেটা হলে আমরা এমপি সাহেবদের জানাব এবং তাদের নিয়ে সভায় যাবো।’
অন্যদিকে সভাটি পৌনে ১১টার দিকে শুরু হওয়ার পর জামায়াতে ইসলামীর দুইজন এমপির নাম ডিজিটাল ব্যানারে ভেসে উঠতে দেখা যায়। কিন্তু সভায় জামায়াতে ইসলামীর কেউ আর ফেরত আনেননি।
এ ব্যাপারে খুলনা মহানগর জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ মাহফুজুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, কেডিএ’র উন্নয়ন ভাবনা বিষয়ক দাওয়াত কার্ডে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে। একটি কার্ডে আমাদের দুইজন সংসদ সদস্যের নাম লেখা থাকলেও বিতরণকৃত দাওয়াত কার্ডে তাদের নাম রাখা হয়নি। এছাড়া অনুষ্ঠানস্থলের ব্যানারেও প্রথমে খুলনার দুইটি আসন থেকে নির্বাচিত জামায়াতে ইসলামীর সংসদ সদস্য যথাক্রমে খুলনা-২’র অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল ও খুলনা-৬’র মওলানা আবুল কালাম আজাদের নাম বাদ দিয়ে ব্যানার করা হয়। এজন্য জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ অনুষ্ঠান বয়কট করেছে।
অন্যদিকে দ্বিতীয় দফায় হট্টগোল শুরু হয় বিশেষ অতিথিদের বক্তৃতা চলাকালে। বিশেষ অতিথি খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার তার বক্তৃতায় বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নগরীর শিববাড়ী মোড়ে ভেঙে ফেলা ‘জিয়া হলের’ জায়গায় একটি সিটি সেন্টার স্থাপনের পরামর্শ দেন। তিনি একথা বলার সঙ্গে সঙ্গে বহু শ্রোতা উত্তেজিত হয়ে ওঠেন। তারা দাঁড়িয়ে উচ্চকণ্ঠে প্রতিবাদ করতে করতে তার দিকে তেড়ে যাওয়ার চেষ্টা করে । তারা বলেন, ওটা ‘সিটি সেন্টার’ না, ওটা জিয়া হল ছিল ওখানে ‘জিয়া হলই’ হবে। এসময় উপস্থিত উত্তেজিত ব্যক্তিরা খুলনা প্রেসক্লাব সভাপতি মোস্তফা সারোয়ারকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর উল্লেখ করতে থাকেন। তীব্র হট্টগোলের মধ্যে, কয়েকজন তার দিকে জুতা প্রদর্শনসহ তাকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়ার দাবি জানান। এ সময় সভাটি বাধাগ্রস্ত হয়।
পরে পুলিশের সহায়তায় কঠোর নিরাপত্তার মাধ্যমে প্রেসক্লাব সভাপতি মোস্তফা সরোয়ারকে মঞ্চ থেকে নামিয়ে একটি গাড়িতে তুলে দেওয়া হয়। এরপর বিশেষ অতিথি খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুল হাসান বাপ্পী মঞ্চ থেকে নেমে গিয়ে উত্তেজিত ব্যক্তিদের শান্ত করেন। এদিকে, সভার প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এবং বিশেষ অতিথি খুলনা-৪ ও ৫ আসনের এমপি আজিজুল বারী হেলাল ও আলি আসগর লবির নাম লেখা ছিল, কিন্তু তারা আসেননি। পরে খুলনা-১ আসনের এমপি আমীর এজাজ খানকে প্রধান অতিথি হিসাবে ঘোষণা করা হয়।
এ বিষয়ে কেডিএ’র চেয়ারম্যান আ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেন,
খুলনার উন্নয়নে সকল নাগরিকের অংশ গ্রহণের লক্ষ্যে দলমত নির্বিশেষে সকলকেই দাওয়াত দেওয়া হয়েছে। জামায়াতে ইসলামীর দুই সংসদ সদস্যের নামও দাওয়াত কার্ড ও ব্যানারে দেওয়া হয়েছে। তারা যে অভিযোগ করেছে সেটি সঠিক নয়। অপরদিকে, মোস্তফা সরোয়ারকে সভায় প্রেসক্লাবের সভাপতি হিসাবে দাওয়াত দেওয়া হয়েছিল। জিয়া হল সম্পর্কে ভিন্ন কথা বলার কারণে শ্রোতারা উত্তেজিত হয়ে পড়েছিল। পরে তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করতে বাধ্য হন।
এদিকে, সভায় বক্তারা বলেন, খুলনা শুধু একটি অঞ্চল নয়, এটি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রাণ কেন্দ্র। শিল্প নগরী থেকে শুরু করে আজকের আধুনিক ও বর্ধিষ্ণু খুলনা গড়ে তোলার পেছনে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) সুদীর্ঘকাল ধরে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান তার নির্বাচনী প্রতিশ্রুতিতেই বলেছিলেন, রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানের মালিকানা জনগণকে বুঝিয়ে দিবেন। আজ আমরা এখানে সমবেত হয়েছি কেবল কেডিএ’র ভবিষ্যৎ পরিকল্পনা শুনতে নয়, বরং এই খুলনাকে নিয়ে সাধারণ মানুষের স্বপ্ন, প্রত্যাশা এবং ভাবনাগুলোকে আমাদের উন্নয়ন পরিকল্পনায় যুক্ত করতে।
কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান।

