ভারত-অস্ট্রেলিয়া

একাই লড়লেন পুজারা

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ২২:০৬

আধুনিক যুগের ক্রিকেটার হিসেবে তিনি এক ধরনের ‘অচল’।

আইপিএল ফেলে তিনি ছুটে যান কাউন্টি খেলতে। এই মারমার কাট কাট ক্রিকেটের যুগেও তিনি সেই পুরোনো ঘরানার উইকেটে পড়ে থাকা ব্যাটিং করতে পছন্দ করেন। তার নেটের ভিডিও ভাইরাল হয় না। তার নামে ফেসবুকে লাইকের বন্যা বয়ে যায় না। কিন্তু বিদেশ সফরে, বিশেষ করে সত্যিকারের ফাস্ট বল সামলানোর প্রশ্ন এলে সেরা ব্যাটসম্যানদের পাশ কাটিয়ে সেই চেতেশ্বর পুজারার ওপরই ভরসা করতে হয় ভারতকে। আরো একবার পুজারা নিজের ধৈর্যের পরীক্ষা দিলেন। আরো একবার ভারতের মুখ রক্ষা করলেন।

এডিলেডে শুরু হওয়া ভারত ও অস্ট্রেলিয়ার প্রথম টেস্টের প্রথম দিনেই ডুবতে বসেছিল ভারতের ব্যাটিং। অস্ট্রেলিয় ভয়ঙ্কর তিন পেসার ও আতঙ্ক হয়ে ওঠা স্পিনার নাথান লায়নের সামনে গুটিয়ে গিয়েছিল ভারতীয় ব্যাটিং। কিন্তু সেই সেকেলে ব্যাটিং করে, ২৪৬ বল উইকেটে পড়ে থেকে পুজারা অসামান্য এক সেঞ্চুরি করলেন। আর দিনের শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ভারতকে ৯ উইকেটে ২৫০ রানের মোটামুটি একটা পুঁজি এনে দিলেন।

টসে জিতে আগে ব্যাটিং করতে নামা ভারত ৪১ রানে হারিয়ে ফেলেছিল ৪ উইকেট। এই সিরিজের আগে কথা হচ্ছিল, কোনো দল বেশি আগ্রাসন দেখাতে পারে। ভারতীয় ব্যাটসম্যানরা আগ্রাসন দেখানোর চেষ্টা করলেন। সেই চেষ্টা পানিতে গেলো। টপ অর্ডারের প্রত্যেকে মারতে গিয়ে বিপদে পড়লেন। জশ হ্যাজেলউড, মিশেল স্টার্ক ও প্যাট কামিন্স ভারতীয় ব্যাটসম্যানদের বেপেরোয়া মানসিকতার সুযোগ নিয়ে কাঁপিয়ে দেন তাদের। দুই ওপেনার লোকেশ রাহুল ২ রান ও মুরালি বিজয় ১১ রান করে ফিরে আসেন। বিরাট কোহলি ৩ ও আজিঙ্কা রাহানে ১৩ রান করে ফেরেন। এরপর রোহিত শর্মার সাথে প্রথম মান বাঁচানো একটা জুটি করেন পুজারা।

রোহিত ৬ নম্বরে নেমে বেশ একটা ইনিংস খেলে পুজারাকে সঙ্গ দিচ্ছিলেন। কিন্তু এই পর্যায়ে মঞ্চে আসেন নাথান লায়ন। তিনি প্রথমে তুলে নেন ৬১ বলে ৩৭ রান করা রোহিতের উইকেট। এরপর পুজারাকে সঙ্গ দেওয়ার চেষ্টা করেন রিশভ পান্ট। ২৫ রান করা পান্টের উইকেটও নেন লায়ন। এখানেও ভারতের প্রতিরোধ শেষ হয়নি। অশ্বিনকে নিয়ে আরো একটা জুটি করেন পুজারা। ২৫ রান করা অশ্বিনকে দ্বিতীয় শিকার হিসেবে তুলে নেন কামিন্স। ইশান্ত শর্মাও বেশ কিছু বল করে পুজারার সাথে হতাশ করতে থাকেন অস্ট্রেলিয় বোলারদের। ইশান্ত ২০ বল খেলে ৪ রান করে স্টার্কের দ্বিতীয় শিকার  হন।

আর দিনের খেলা শেষ হয় ‘এন্টি ক্লাইমেক্সে’। রান আউট হয়ে ফেরেন পুজারা। ২৪৬ বলে ৭টি চার ও ২টি ছক্কায় সাজানো ১২৩ রানের ইনিংস খেলেন পুজারা। তার আউটের সাথে সাথে দিনের খেলা শেষ হয়।

ভারত যে বিপর্যয়ে পড়েছিল, তাতে আজ আবার অস্ট্রেলিয়দের বোলিং করতে আসার কল্পনা করা কঠিন ছিল। সেই কাজটা অন্তত পুজারা করতে পেরেছেন।

অস্ট্রেলিয়ার হয়ে ২টি করে উইকেট নিয়েছেন কামিন্স, স্টার্ক, হ্যাজেলউড ও লায়ন। 

সংক্ষিপ্ত স্কোর:

ভারত-১ম ইনিংস: ৮৭.৫ ওভারে ২৫০/৯ (পুজারা ১২৩, রোহিত ৩৭, পান্ট ২৫, অশ্বিন ২৫; কামিন্স ২/৪৯, হ্যাজেলউড ২/৫২, স্টার্ক ২/৬৩, লায়ন ২/৮৩)।