টানা ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও যানজটের সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে নগরবাসীকে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগ।
রোববার (১২ জুলাই) বেলা ১১টার পর ট্রাফিক গুলশান বিভাগের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ট্রাফিক আপডেটে এ আহ্বান জানানো হয়।
পুলিশ জানায়, টানা বর্ষণের কারণে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাকলী র্যাম্পের নিচের অংশ, বনানী, খিলক্ষেত, ঢাকা গেটসহ রাজধানীর বিভিন্ন নিচু এলাকায় ব্যাপক জলাবদ্ধতা তৈরি হয়েছে। এর প্রভাবে এসব সড়কে যানবাহনের গতি ধীর হয়ে পড়েছে এবং কয়েকটি স্থানে যানজটের সৃষ্টি হয়েছে।
বিশেষ করে কাকলী মোড়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নেমে আসা যানবাহন এবং নিচের সড়কে চলাচলকারী গাড়িগুলোকে বাড়তি সতর্কতার সঙ্গে চলাচল করতে হচ্ছে বলেও জানিয়েছে ট্রাফিক পুলিশ।
এ পরিস্থিতিতে মোটরযান চালক ও পথচারীদের অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে জলাবদ্ধ এলাকায় ধীরগতিতে গাড়ি চালানো, নিরাপদ দূরত্ব বজায় রাখা, সম্ভব হলে বিকল্প সড়ক ব্যবহার এবং ট্রাফিক পুলিশের নির্দেশনা অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।
ট্রাফিক গুলশান বিভাগ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের সদস্যরা মাঠে নিরলসভাবে দায়িত্ব পালন করছেন। নগরবাসীকেও ধৈর্য ধরে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে পুলিশ।

