এই সময়ের ছড়া

অ্যাডিস নির্বংশ করো

আপডেট : ১৫ আগস্ট ২০১৯, ১৯:২১

অ্যাডিসের বংশ করো নির্বংশ;

নয় ওরা করে দেবে তোমাদেরই ধ্বংস।

 

অবহেলা চলে গেলে বাড়াবাড়ি পর্যায়—

জ্বর হয়ে মহামারী দেখা দেবে দরজায়।

 

ব্যস্ত না থেকে আর ‘গুজবে’ ও ‘গজবে’,

কাজ করো—ত্যাগ করে অভ্যেস আজব এ!

 

নিজ বাড়ির আঙিনা করো সাফসুতরো—

অ্যাডিশ তাড়াতে হলে এই মূল সূত্র।

 

মনে রাখো, আর সাফ রাখো নিজ আত্মা;

নয় মোটে অ্যাডিসেরা দেবেই না পাত্তা!

 

সিটি-সি-র কম দামি ওষুধের ভেজালে

অ্যাডিসকে মানুষের পিছে ফের ভেজালে—

 

হও তুমি দাপুটে সে যত বড় কর্তা—

অ্যাডিসের কাছে হবে পটলের ভর্তা!

 

কী বা নার্স-ডাক্তার কী সিভিল-সার্জন?

অ্যাডিসেরা করে দেবে সবই পরিমার্জন।