এক দশকের সেরাও কোহলি

আপডেট : ১৫ আগস্ট ২০১৯, ২০:৩৮

একটার পর একটা রেকর্ড ভাঙতে ভাঙতে এগোচ্ছেন বিরাট কোহলি। বুধবার রাতে ক্যারিয়ারের ৪৩তম সেঞ্চুরি করে ফেলেছেন তিনি। ওয়ানডেতে এর চেয়ে বেশি, ৪৯টি সেঞ্চুরি আছে কেবল শচীন টেন্ডুলকারের। সে রেকর্ড অপেক্ষায় থাকলেও নতুন কিছু রেকর্ড নিজের করে নিয়েছেন ভারতীয় অধিনায়ক। এদিন অপরাজিত ১১৪ রানের ইনিংস খেলার পথে এক দশকে সর্বাধিক রান করার কৃতিত্ব নিজের করে নিয়েছেন কোহলি। সব ফরম্যাচ মিলিয়ে চলতি দশকে তিনি ২০ হাজার রান পার করে ফেলেছেন। এক দশকে ২০ হাজার রান করা প্রথম ব্যাটসম্যান কোহলি। এর আগে এক দশকে সব ফরম্যাচ মিলিয়ে সবচেয়ে বেশি রান ছিলো রিকি পন্টিংয়ের। তিনি করেছিলেন ১৮,৯৬২ রান। আর তিন নম্বরে আছেন ১৬,৭৭৭ রান করা জ্যাক ক্যালিস। ১৬,৩০৩ রান করেছিলেন মাহেলা জয়াবর্ধনে, ১৫,৯৯৯ রান করেছিলেন কুমার সাঙ্গাকারা।

এক দশকে শুধু ওয়ানডে ক্রিকেটেও সবচেয়ে বেশি রান বিরাট কোহলির। তিনি এই দশকে ওয়ানডেতে ১১,০৩৬ রান করেছেন। এর আগে গত দশকে রিকি পন্টিং ৯,১০৩ রান করেছিলেন। এই সেঞ্চুরি করার ভেতর দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে ৯টি সেঞ্চুরি হলো কোহলির। এর ফলে টেন্ডুলকারের মতো একই প্রতিপক্ষের বিপক্ষে সর্বাধিক সেঞ্চুরির রেকর্ড করলেন ভারতের বর্তমান অধিনায়ক। টেন্ডুলকার অস্ট্রেলিয়ার বিপক্ষে করেছিলেন ৯টি সেঞ্চুরি।

এখনই কোহলিকে হাতছানি দিচ্ছে আরেকটি রেকর্ড। আর একটা সেঞ্চুরি করতে পারলেই তিনি অধিনায়ক হিসেবে রিকি পন্টিংয়ের সমান সেঞ্চুরি করে ফেলবেন।