সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাইলট ভিত্তিতে প্লে-ল্যাব ও স্টেম (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত) ল্যাব চালুর সম্ভাবনা বিবেচনা করছে সরকার। প্রাথমিক পর্যায়ে কয়েকশ বিদ্যালয়ে এ উদ্যোগ পরীক্ষামূলকভাবে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
সোমবার (১৩ জুলাই) রাজধানীতে ব্র্যাক ও লেগো ফাউন্ডেশন আয়োজিত ‘মানবিক পরিস্থিতিতে খেলাধুলা, শিক্ষা এবং দক্ষতা বজায় রাখা’ শীর্ষক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতভিত্তিক (স্টেম) শিক্ষার কোনো বিকল্প নেই। এ লক্ষ্য বাস্তবায়নে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্লে-ল্যাব ও স্টেম ল্যাব চালুর সম্ভাবনা নিয়ে কাজ করছে সরকার।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর শিক্ষা-ভিশন বাস্তবায়নে সবচেয়ে বড় বিনিয়োগ হবে মানসম্মত প্রাথমিক শিক্ষা। বর্তমানে দেশের উচ্চমাধ্যমিক পর্যায়ে মাত্র ২০ শতাংশ শিক্ষার্থী বিজ্ঞান বিভাগে অধ্যয়ন করছে, যা একটি জ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর রাষ্ট্র গঠনের জন্য যথেষ্ট নয়। তাই প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক শিক্ষায় আগ্রহী করে তুলতে হবে।
ববি হাজ্জাজ জানান, ব্র্যাক, লেগো ফাউন্ডেশনসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার বাস্তবায়িত প্লে-বেইজড শিক্ষা কার্যক্রম সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এসব উদ্যোগের কার্যকারিতা মূল্যায়নের ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্লে-ল্যাব ও স্টেম ল্যাব চালুর সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। এর অংশ হিসেবে কয়েকশ বিদ্যালয়ে পাইলট প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, শুধু সরকারি বিদ্যালয় নয়, বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম ও মাদ্রাসাসহ সব ধারার শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য একটি অভিন্ন ন্যূনতম শিক্ষার মান নির্ধারণে কাজ করছে সরকার। শিক্ষক, পাঠ্যক্রম, অবকাঠামো এবং শিক্ষার গুণগত মান—সব ক্ষেত্রেই একটি জাতীয় মানদণ্ড প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে প্রাথমিক স্তরে ভাষা, গণিত ও ইংরেজি বিষয়ে শিক্ষার্থীদের শেখার অর্জন এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি। এ পরিস্থিতির উন্নয়নে শিক্ষা সংস্কার, যুগোপযোগী কারিকুলাম, প্রযুক্তিনির্ভর শিক্ষা, প্লে-বেইজড লার্নিং এবং স্টেমভিত্তিক শিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার।
অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্র্যাক, লেগো ফাউন্ডেশনসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা ও বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

