তাজিকিস্তানে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

আপডেট : ১৫ আগস্ট ২০১৯, ২০:৪২

কাতার গিয়ে কন্ডিশনিং ক্যাম্প করার কথা ছিল বাংলাদেশ ফুটবল দলের। কিন্তু আফগানিস্তান তাদের ভেন্যু নির্ধারণ করেছে তাজিকিস্তানে। বাফুফে এই খবর পেয়ে কাতারের বদলে তাজিকিস্তানে কন্ডিশনিং ক্যাম্প করার সিদ্ধান্ত নেয়। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ফুটবল ম্যাচ আগামী ১০ সেপ্টেম্বর।

কাতার বিশ্বকাপ এবং এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ের খেলার ভেন্যু নিয়ে আফগানিস্তান দেরি করছিল। বাফুফেও একটা দোটানায় ছিল। তাজিকিস্তানের রাজধানী দুসানবেতে বাংলাদেশের খেলা। কাতারে কন্ডিশনিং ক্যাম্প করলে সেখান থেকে বিমানে যাওয়া আসার রুট একটু কঠিন। বিশেষ করে খেলোয়াড়রা ভ্রমণ ক্লান্তিতে পড়তে পারে। দুই দিন বিমান ভ্রমণ করে ম্যাচ খেলা কঠিন বলে কাতার বাদ দিয়ে তাজিকিস্তানেই কন্ডিশনিং ক্যাম্প করার সিদ্ধান্ত বাফুফের।

বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন তাজিকিস্তানে ১০ দিনের ক্যাম্প হতে পারে। এই সময়টায় দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে।  তিনি বলেন, ‘তাজিকিস্তানে এক সপ্তাহ হোক কিংবা ১০ দিন হোক দুটি ক্লাবের সঙ্গে আমাদের প্রস্তুতি ম্যাচ খেলতে হবে।’

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের খেলোয়াড়দের নামের তালিকা আজ প্রকাশ করার কথা রয়েছে। ১৯ আগস্ট বাংলাদেশ দলের ব্রিটিশ কোচ জেমি ডে ঢাকায় ফিরবেন। আগামী শনি কিংবা রবিবার জাতীয় দলের অনুশীলন শুরু হওয়ার কথা রয়েছে। ৩৮ ফুটবলারের নাম রেজিস্ট্রেশনের জন্য পাঠানো হয়েছে। চূড়ান্ত দলে ২৩ জনকে রাখা হবে। মূল তালিকায় আবাহনীর যেসব ফুটবলার থাকবেন তারা এএফসি কাপ ফুটবলে উত্তর কোরিয়ার এপ্রিল টোয়েন্টি ক্লাবের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলে ৩০ আগস্ট দেশে ফিরে জাতীয় দলে যোগ দেবেন। কোচ জেমি ডে ঢাকায় ফিরে ২১ আগস্ট আবাহনী এবং উত্তর কোরিয়ার ক্লাবের ম্যাচটি দেখবেন, বঙ্গবন্ধু স্টেডিয়ামে। তাজিকিস্তানের যে মাঠে বাংলাদেশ আফগানিস্তান ম্যাচটি হবে সেটি টার্ফের মাঠ। তাই বাংলাদেশ ফুটবল দল এবার কমলাপুর স্টেডিয়ামে অনুশীলন করবে। প্রয়োজনে বাফুফের টার্ফও ব্যবহার করবে। কাতার বিশ্বকাপ এবং এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ে বাংলাদেশ ‘ই’ গ্রুপে খেলছে। বাংলাদেশের প্রতিপক্ষ, আফগানিস্তান, ভারত, ওমান, কাতার। আফগানিস্তানের বিপক্ষে ফিরতি ম্যাচ ২৬ মার্চ ঢাকায়।