শিক্ষার্থীদের অবরোধে রাজধানীজুড়ে তীব্র যানজট

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ১৯:৪৪

এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ধারাবাহিক সড়ক অবরোধে মঙ্গলবার (১৪ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকা দিনভর কার্যত অচল হয়ে পড়ে। সন্ধ্যার পরও উত্তরা, ইসিবি চত্বর এবং মানিক মিয়া অ্যাভিনিউসহ গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে যান চলাচল ব্যাহত থাকায় রাজধানীজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

তেজগাঁও ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার রফিকুল ইসলাম বলেন, বিভিন্ন স্থানে সড়ক অবরোধের কারণে গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে যান চলাচল ব্যাহত হয়েছে। বেলা ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত এর প্রভাব দেখা গেছে। মানিক মিয়া অ্যাভিনিউয়ের মতো গুরুত্বপূর্ণ সড়কও বন্ধ রয়েছে।

এদিকে গুলশান ট্রাফিক বিভাগের এক ফেসবুক পোস্টে জানানো হয়, উত্তরা বিএনএস টাওয়ারের সামনে এবং ইসিবি চত্বরের উভয় পাশে শিক্ষার্থীদের অবস্থানের কারণে সংশ্লিষ্ট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এয়ারপোর্টমুখী অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়। যানবাহনের দীর্ঘ সারি কুড়িল ফ্লাইওভার পর্যন্ত পৌঁছে যায়।

ট্রাফিক সার্জেন্ট আশিকুর রহমান বলেন, অবরোধের কারণে ওই এলাকায় যান চলাচল কার্যত অচল হয়ে পড়ে। বিকেল ৫টার পর সীমিত আকারে যান চলাচল শুরু হলেও যানজট পুরোপুরি কাটেনি।

পরিস্থিতি বিবেচনায় নগরবাসীকে সম্ভব হলে বিকল্প সড়ক ব্যবহার করার অনুরোধ জানিয়েছে ট্রাফিক পুলিশ। একই সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে বলেও জানানো হয়েছে।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে ধানমন্ডি থেকে নিউমার্কেটমুখী সড়ক অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে সড়কটির উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বাস, ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন আটকে পড়ে এবং সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়।

পরে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব ছেড়ে ঢাকা শিক্ষা বোর্ড, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা হয়ে আবার সায়েন্সল্যাবে ফিরে আসেন। এরপর সন্ধ্যার দিকে সংসদ ভবনের মূল ফটকের সামনে গিয়ে অবস্থান নেন। দিনভর বিভিন্ন স্থানে তাদের অবস্থান কর্মসূচির কারণে রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং এর প্রভাব পড়ে পুরো নগরীর ট্রাফিক ব্যবস্থায়।

ইত্তেফাক/এমএস