জামালপুরের সরিষাবাড়ীতে নির্মাণের মাত্র দুই বছরের মাথায় এবং আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করার আগেই ধসে পড়েছে নবনির্মিত একটি সরকারি অফিস ভবনের একাংশ। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে এমন চিত্র দেখা যায় উপজেলা খাদ্য গুদাম সংলগ্ন ভারপ্রাপ্ত কর্মকর্তার জন্য নবনির্মিত সরকারি অফিস ভবনটি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালে সরকারি অর্থায়নে ৬৬ লাখ টাকা ব্যয়ে সরিষাবাড়ী খাদ্য গুদাম চত্বরে উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তার জন্য এই নতুন অফিস ভবনটি নির্মাণ করা হয়েছিল। নির্মাণের পর ভবনটি কেবল উদ্বোধনই করা হয়েছিল, কিন্তু বিগত দুই বছরেও সেখানে কোনো দাপ্তরিক কার্যক্রম শুরু করা হয়নি। ফলে ভবনটি দীর্ঘদিন ধরে সম্পূর্ণ অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল।
মঙ্গলবার দুপুরে গিয়ে দেখা যায়, ভবনটির উত্তরের একটি রুমসহ একাংশ ধসে পড়ে। ভবনের দেয়াল ও কাঠামোর বড় একটি অংশ ভেঙে নিচে পড়ে আছে। এছাড়াও পুরো ভবনটিতে বড় বড় বিভিন্ন ধরনের ফাটল দেখা দিয়েছে। যে কোনো সময় পুরো ভবনটি ভেঙে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও তদারকির অভাবে এত অল্প সময়ের মধ্যেই সরকারি এই স্থাপনাটি ভেঙে পড়েছে। নির্মাণের পর থেকে দীর্ঘদিন ব্যবহার না করা ও খোঁজখবর না নেয়ার ফলে এমন ঘটনা ঘটেছে। এখন ভবনটি ধসে পড়ার ঘটনায় সরকারি অর্থের অপচয়ের অভিযোগ তুলেছেন স্থানীয় সচেতন মহল। বিষয়টি নিয়ে যথাযথ তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিও জানান তারা।
এ বিষয়ে উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা রুবিনা খাতুন বলেন, আমি নতুন যোগদান করেছি। ভবন নির্মাণ সংক্রান্ত কোনো বিষয় আমার জানা নেই। এটা উপজেলা খাদ্য কর্মকর্তা বলতে পারবে।
এ বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) আসাদুজ্জামান খান মুঠোফোনে বলেন, বিষয়টি আমি ইতিমধ্যে জেনেছি। বিষয়টি আমাদের উর্ধ্বতন কতৃপক্ষকে লিখিত ভাবে জানিয়েছি। আমরাও বিষয়টি নিয়ে সরেজমিনে গিয়ে পরিদর্শন করবো। পরিদর্শন করে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

