প্রিমিয়ার দাবা লিগ শুরু

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ২২:০৮

দেশের পাঁচ গ্র্যান্ডমাস্টার থাকলেও সবাইকে নিয়ে প্রিমিয়ার দাবা লিগ শুরু হয়নি। এবার খেলছেন না দেশের এবং উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ। খেলছেন না আরেক গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার। রিফাত ৬ বছর পর দাবায় ফিরে জাতীয় দাবার আসরে খেলেছিলেন। কিন্তু সেখানে খেললেও রিফাত প্রিমিয়ার লিগে নেই।

দাবা ফেডারেশনের বিভিন্ন সুত্রের খবর রিফাত কোনো ক্লাব পাননি কিংবা কোনো ক্লাবে খেলতেও আগ্রহী নয়। জাতীয় দাবায় রিফাত ভালো কিছু করতে পারেননি। তবে এই মেধাবী দাবাড়ু আবার নিজের আসনে ফিরবেন, স্বমহিমায় দাবার বোর্ডে বসবেন বলে বিশ্বাস করেন দাবা সংশ্লিষ্টরা। জাতীয় দাবায় ছিলেন না আরেক দুই গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজিব এবং আব্দুল্লাহ আল রাকিব। এই দুজন লিগে খেলছেন। বড় দল সাইফ স্পোর্টিং ক্লাবে তাদের নাম রয়েছে। সঙ্গে আছেন আরেক গ্র্যান্ডমাস্টার জাতীয় দাবার বর্তমান চ্যাম্পিয়ন জিয়াউর রহমান জিয়া। সাইফ বড় দল গড়েছে প্রায় ৩০ লাখ টাকা খরচা করে। চ্যাম্পিয়ন হওয়ার জন্য বেলারুশের গ্র্যান্ডমাস্টার কোভালেভ, আজারবাইজানের গ্র্যান্ডমাস্টার এলতাজ এবং সঙ্গে  রাকিব, জিয়া ও রাজীব সহ ফিদে মাস্টার ফাহাদ খেলছে। গতকাল খেলা শুরু হওয়ার আগে এই দাবাড়ুরা ফটো সেশনও করেছে। তারা ট্রফি উপহার দিতে চান সাইফকে। সোনারগাঁও দলে ভারতের গ্র্যান্ডমাস্টার দিপ্তায়ন, গোল্ডেন স্পোর্টিংয়ে ভারতের আন্তর্জাতিক মাস্টার অর্ঘদীপ, ইসফটে ভারতের আন্তর্জাতিকম মাস্টার মহাপাত্রা ও ফিদে মাস্টার জেভিতিশ রয়েছেন। প্রায় ১৩ জন বিদেশি দাবাড়ু খেলছেন এবারের প্রিমিয়ার দাবা লিগে।

গতকাল জাতীয় ক্রীড়া পরিষদের টাওয়ারের বারান্দায় শুরু হয়েছে ১১ দলের লিগ। প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন বেঙ্গল গ্রুপ এবার লিগে অংশগ্রহণ করেনি। তারা দল গঠন করেনি বলে জানায় দাবা ফেডারেশন। এবার লিগের পৃষ্ঠপোষক এসএ গ্রুপ।