আইরিশ-ফরাসি কিশোরী ‘সম্ভবত ক্ষুধায় মানসিক চাপে মারা গেছে’

আপডেট : ১৫ আগস্ট ২০১৯, ২১:০৭

মালয়েশিয়ার একটি রিসোর্ট থেকে নিখোঁজ আইরিশ-ফরাসি কিশোরী আন্ত্রিক রক্তপাতে মারা গেছে বলে দেশটির কর্তৃপক্ষগুলো জানিয়েছে। দীর্ঘ সময় ধরে না খেয়ে থাকা ও মানসিক চাপ ১৫ বছর বয়সি ঐ কিশোরীর আন্ত্রিক রক্তপাতের কারণ হতে পারে বলে মনে করছেন তারা । গত সপ্তাহে পরিবারের সদস্যদের সঙ্গে কুয়ালালামপুরের ৭০ কিলোমিটার দক্ষিণের শহর সেরেমবানের রেইনফরেস্ট রিসোর্ট দুসুনে এসেছিলেন বুদ্ধিপ্রতিবন্ধী নোরা অ্যান কুয়োরিন। পরদিন রবিবার সকাল থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

দশ দিন পর চলতি সপ্তাহের মঙ্গলবার রিসোর্ট থেকে প্রায় দুই দশমিক পাঁচ কিলোমিটার দূরে জঙ্গলের পাশে একটি নদীর কাছ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। বুধবার মৃতদেহের ময়নাতদন্ত করা হয়। ময়নাতদন্তের প্রতিবেদনে কুয়োরিনের অন্ত্র ক্ষতিগ্রস্ত ছিল বলে দেখা গেছে, কিন্তু কোনো দৈহিক নির্যাতনের প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে মালয়েশীয় পুলিশ। তাকে অপহরণের পর হত্যা করা হয়েছে, ‘আপাতত’ সে ধরনের কোনো প্রমাণ বা ইঙ্গিত পাওয়া যায়নি বলে জানিয়েছে তারা। নোরার খোঁজে ড্রোন ও প্রশিক্ষিত কুকুর নিয়ে মালয়েশিয়ার উদ্ধারকারী দলের তিনশরও বেশি সদস্য রিসোর্ট সংলগ্ন বন চষে বেড়িয়েছেন।