কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা পৌঁছে দিলেন স্পিকার

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ২২:২০

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রয়াণে বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) দোহার লুসাইল আমিরি প্রাসাদে আয়োজিত এক রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এই শোকবার্তা পৌঁছে দেন।

কাতারের বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, শোকবার্তা হস্তান্তরের সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ প্রয়াত আমিরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত রাজপরিবার ও কাতারের জনগণের প্রতি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা জানান। আধুনিক কাতারের স্থপতি হিসেবে খ্যাত শেখ হামাদ বিন খলিফা আল থানির দূরদর্শী নেতৃত্ব এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে তাঁর অসামান্য অবদানের কথা স্পিকার গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

এ সময় স্পিকারের সঙ্গে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও বিশেষ দূত হুমায়ুন কবির এবং কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হজরত আলী খান। শোকবার্তা হস্তান্তরের আনুষ্ঠানিকতা শেষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ কাতারের শুরা কাউন্সিলের স্পিকার হাসান বিন আবদুল্লাহ আল-গানিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বাংলাদেশ ও প্রবাসী বাংলাদেশিদের অকৃত্রিম বন্ধু শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রয়াণে বুধবার (১৫ জুলাই) বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হয়। এই উপলক্ষে দেশের অভ্যন্তরে সব সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বিদেশের বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

উল্লেখ্য, কাতারের রাজপরিবারের প্রতি বাংলাদেশের পক্ষ থেকে সরাসরি সমবেদনা জানাতে স্পিকার একটি সংক্ষিপ্ত সরকারি সফরে গতকাল দুপুরে দোহায় পৌঁছান। দোহা সফরকালে বুধবার তিনি সেখানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসও পরিদর্শন করেন। আধুনিক কাতারের রূপান্তরের কারিগর হিসেবে পরিচিত এই নেতার প্রতি সম্মান জানাতেই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই উচ্চপর্যায়ের সফর ও রাষ্ট্রীয় শোকের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

ইত্তেফাক/এনএন