চামড়া পুঁতে ফেলার ঘটনা পরিদর্শনে ইউএনও

আপডেট : ১৫ আগস্ট ২০১৯, ২১:২৬

জগন্নাথপুর উপজেলায় কোরবানির পশুর চামড়ার ক্রেতা ও কাঙ্ক্ষিত মূল্য না থাকায় বিপুল সংখ্যক চামড়া মাটিতে পুঁতে ফেলাসহ নদীতে ভাসিয়ে দেওয়ার ঘটনায় সহকারী কমিশনার (ভূমি) মো.ইয়াসির আরাফাতকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফুজুল আলম মাসুম। উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর হাফিজিয়া হোসাইনিয়া দারুল হাদিস মাদ্রাসায় দানকৃত কোরবানির ৮৪০টি চামড়া ক্রেতা না পাওয়ায় ঐসব চামড়া মাদ্রাসা প্রাঙ্গণে মাটিতে পুঁতে ফেলার ঘটনাস্থল বুধবার বিকেল চারটায় পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফুজুল আলম মাসুম। এ সময় চামড়া মাটিতে পুঁতে ফেলার ঘটনার সত্যতা পাওয়া যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম জানান, কি কারণে এমন ঘটনার সৃষ্টি হয়েছে তা তদন্তের মাধ্যমে আসল ঘটনা উদ্ঘাটনের জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।