চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে ৩.৫ শতাংশ: আইএমএফ

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ২০:২২

চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩ দশমিক ৫ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সম্প্রতি সংস্থাটির একটি প্রতিনিধি দল ঢাকা সফর শেষ করার পর বৃহস্পতিবার (১৬ জুলাই) এক বিবৃতিতে এই পূর্বাভাসের কথা জানায় আইএমএফ।

বিবৃতিতে আইএমএফ জানিয়েছে, বাংলাদেশ এখনো বড় ধরনের রাজস্ব, আর্থিক খাত ও মূল্যস্ফীতির চ্যালেঞ্জের মুখোমুখি। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে এই চাপ আরও বেড়েছে। এর ফলে আমদানি ও ভর্তুকি ব্যয় বেড়েছে এবং ব্যাংকিং খাতের নানামুখী চাপের মধ্যেই নতুন করে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে।

নতুন ঋণ কর্মসূচির আবেদনের প্রেক্ষাপটে আইএমএফের প্রতিনিধি দলের এই ঢাকা সফরে বাংলাদেশের সাম্প্রতিক অগ্রগতি পর্যালোচনা করার এবং সরকারের সংস্কারের অগ্রাধিকারগুলো নিয়ে আলোচনা করার একটি সুযোগ তৈরি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

এতে আরও বলা হয়, রাজস্ব আদায় বাড়াতে সংস্কার কার্যক্রম জোরদার করা এবং ব্যাংকিং খাতের দুর্বলতাগুলো দূর করতে পারলে মধ্যমেয়াদে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি উন্নতি হতে পারে।

বিবৃতিতে জানানো হয়, আইএমএফের প্রতিনিধি দল বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং নীতিগত অগ্রাধিকার নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ‘গঠনমূলক আলোচনা’ করেছে। 

নতুন ঋণ কর্মসূচির সম্ভাব্য রূপরেখা, ঋণের আকার ও এর সঙ্গে সংশ্লিষ্ট সংস্কারের প্রতিশ্রুতিগুলো নিয়ে সামনের মাসগুলোতে আলোচনা চলবে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

ইত্তেফাক/এসএএস