রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় জোড়া খুনের চারদিন পর বাঘাইছড়ি উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেএসএস সন্তু লারমা গ্রুপের অন্যতম নেতা বড়ো ঋষি চাকমাকে প্রধান আসামি করে ৫০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে ব্রাশ ফায়ারে নিহত এনো চাকমার স্ত্রী সুনয়না চাকমা। বুধবার সন্ধ্যায় বাঘাইছড়ি থানায় এ মামলা দায়ের করা হয়। বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ মঞ্জুর আলম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, এনো চাকমার স্ত্রী বুধবার সন্ধ্যায় মামলাটি করেন। মামলার প্রধান আসামি বড়ো ঋষি চাকমাসহ অনেকে পলাতক রয়েছে। পুলিশ আসামিদের ধরতে তত্পর রয়েছে।
পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জ্ঞান চাকমা নিহতদের নিজেদের নেতা দাবি করে এই হত্যাকাণ্ডের ঘটনার জন্য সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতিকে দায়ী করেছেন। তবে জনসংহতি সমিতি এই অভিযোগ অস্বীকার করেছে।
প্রসঙ্গত, গত ১১ আগস্ট রাত সাড়ে ১২টার দিকে বাঘাইছড়ি উপজেলার বাবু পাড়া এলাকায় দুর্বৃত্তদের ব্রাশ ফায়ারে কেন্দ্রীয় যুব কমিটির সাধারণ সম্পাদক শতসিদ্ধি চাকমা ও উপজেলার যুব কমিটির সদস্য এনো চাকমা নিহত হন।
