জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি হচ্ছে বিএনপি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, বিএনপির মন্ত্রী এমপিরা জুলাইকে আননেসেসারি (অপ্রয়োজনীয়) বলে জুলাই বিপ্লবকে অস্বীকার করছে এবং বিপ্লবীদের সঙ্গে গাদ্দারি করছে। বিএনপির কাছে জুলাই আননেসেসারি হলেও জনগণের কাছে জুলাই নেসেসারি (প্রয়োজনীয়)।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে রাজধানীর শাহবাগ চত্বরে ১১দলীয় ঐক্যের উদ্যোগে জুলাই গণহত্যার বিচারের দাবিতে শহিদ পরিবারের সদস্য ও আহতদের র্যালি পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ১৭ অক্টোবর জুলাই সনদে স্বাক্ষর করার পর থেকে ১২ ফেব্রুয়ারি নির্বাচনের আগ পর্যন্ত বিএনপি কোনোদিন বলেনি গণভোট সংবিধানে নেই, গণভোটের অধ্যাদেশ রাষ্ট্রপতি জারি করতে পারে না। কিন্তু নির্বাচনের পর ক্ষমতায় বসে বিএনপি দাবি করছে, গণভোট সংবিধানে নেই, রাষ্ট্রপতি গণভোটের অধ্যাদেশ জারি করতে পারে না। অথচ রাষ্ট্রপতির জারিকৃত একই অধ্যাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একইদিনে অনুষ্ঠিত হয়েছে। বিএনপি, রাষ্ট্রপতির সেই অধ্যাদেশে সংসদ নির্বাচন বৈধ দাবি করে গণভোটকে অবৈধ দাবি করছে। এটি সরাসরি জাতির সঙ্গে প্রতারণা। এই প্রতারণার উপযুক্ত জবাব জাতি যথাসময়ে দেবে।
এমপি-মন্ত্রীদের বেতন বন্ধ না থাকলেও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের বেতন বন্ধ কেন? এমন প্রশ্ন রেখে মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই মুছে দেয়ার চেষ্টা করলে জাতি আপনাদেরকেই মুছে দিতে পারে। যারাই জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে তাদের পরিণতি ভয়াবহ হয়েছে। আগামীতেও যারা জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করবে, প্রতারণা করবে তাদের পরিণতিও ভয়াবহ হবে।
তিনি বলেন, আমরা ভিন্নধর্মালম্বীদের প্রতি বরাবরই শ্রদ্ধা নিবেদন করি। সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা শহিদ মিনার হয়ে যাওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে ১১ দলীয় ঐক্যের কাছে অনুরোধ জানানোয় আমরা পূর্ব নির্ধারিত স্থান পরিবর্তন করে শাহবাগ চত্বরে সমাবেশ ও র্যালির আয়োজন করেছি। কিন্তু প্রতিবেশী রাষ্ট্র তাদের দেশে একটা ধর্ম ব্যতিত অন্য কোনো ধর্মের স্বীকৃতি দিতে চায় না। তারা মানুষকে মসজিদে নামাজ পড়তে দেয় না, ঈদের নামাজ পড়তে দেয় না।

