বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে বড় ধরনের ইনজুরি সংকটে পড়েছে স্পেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) অনুশীলনে দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় লামিনে ইয়ামাল এবং পেদ্রো পোরোকে ছাড়াই প্রস্তুতি শুরু করেছে দলটি। টানা ম্যাচ খেলার ধকল ও পেশিতে অতিরিক্ত চাপের (মাসল ওভারলোড) কারণে কোচিং স্টাফ তাদের এই সেশনে বিশ্রাম দিয়েছে।
দলের বাকি সদস্যরা রন্ডো অনুশীলনে অংশ নিলেও ইয়ামাল ও পোরোকে আলাদাভাবে ফিটনেস নিয়ে কাজ করতে দেখা গেছে। বিশেষ করে তরুণ তুর্কি লামিনে ইয়ামালকে নিয়ে চিন্তার ভাঁজ কোচিং স্টাফের কপালে। অনুশীলনের সময় তার বাম উরুতে ইলাস্টিক ব্যান্ডেজ দেখা গেছে, যা পুরনো চোটের পুনরাবৃত্তির ইঙ্গিত দিচ্ছে। মৌসুমের শেষ দিকে বার্সেলোনার হয়ে খেলার সময় এই উরুর চোটেই ভুগেছিলেন ১৯ বছর বয়সী এই তারকা। বিশ্বকাপের গ্রুপ পর্বে তাকে সাবধানে ব্যবহার করা হলেও নকআউট পর্বে টানা তিনটি ম্যাচ তিনি পুরো ৯০ মিনিট খেলেছেন।
অন্যদিকে, স্পেনের রক্ষণভাগের প্রধান অস্ত্র পেদ্রো পোরো বিশ্বকাপের পাঁচটি ম্যাচেই শুরু থেকে খেলেছেন। ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে ২-০ গোলের জয়ে এই দুই খেলোয়াড়েরই ছিল অনবদ্য অবদান। ইয়ামালের আদায় করা পেনাল্টি থেকে গোল করেন মিকেল ওইয়ারজাবাল এবং পোরোর অসাধারণ এক দৌড় থেকে আসে দলের দ্বিতীয় গোলটি।
আগামী রোববার (১৯ জুলাই) নিউ জার্সিতে অনুষ্ঠিতব্য ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা ও স্পেনের এই লড়াই ঘিরে এখন ফুটবল বিশ্বে উত্তেজনা তুঙ্গে। স্পেনের লক্ষ্য যেখানে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরা, সেখানে আর্জেন্টিনা মাঠে নামবে চতুর্থ শিরোপার লক্ষ্যে। এখন দেখার বিষয়, ফাইনালে ইয়ামাল ও পোরোকে সম্পূর্ণ ফিট অবস্থায় পাওয়া যায় কি না।

