বড়াইগ্রামে সাড়ে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করেছে হোসেন আলী (৫০) নামে এক লম্পট। হোসেন আলী উপজেলার জোয়াড়ী ইউনিয়নের আটঘরিয়া গ্রামের মৃত লুলু সরকারের ছেলে। এ ঘটনায় বুধবার রাতে ধর্ষিতার বাবা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এদিকে ধর্ষণের ঘটনাটি গ্রাম-প্রধানদের জানানোর কারণে হোসেন আলীর শ্যালক দেলোয়ার হোসেন শিশুটির বাবাকে মারপিট করে ও গলায় ফাঁস লাগিয়ে হত্যার চেষ্টা করেছে বলে জানা গেছে।
শিশুটির বাবা জানান, হোসেন আলী বিয়ের পর থেকেই আটঘরিয়া গ্রামে শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করছিল। মঙ্গলবার খেলনা কিনে দেওয়ার কথা বলে শিশুটিকে সে কোলে করে তার খালি বাড়িতে নিয়ে যায়। পরে মুখ চেপে তাকে ধর্ষণ করে। এক পর্যায়ে শিশুটির মা শিশুটিকে খুুঁজতে গেলে হোসেনের বাড়ির পাশে তাকে পায়। ধর্ষণের বিষয়টি বুঝতে পেরে ৯৯৯-এ কল করে জানালে বড়াইগ্রাম থানার ওসি (তদন্ত) ঘটনাস্থলে গিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেন। এ ব্যাপারে ওসি (তদন্ত) সুমন হোসেন জানান, শিশুটির মেডিক্যাল চেকআপ সম্পন্ন করা হয়েছে। ধর্ষক হোসেন আলীকে আটকের চেষ্টা চলছে।
