নবীনগরে নৌদুর্ঘটনায় নারী নিহত

আপডেট : ১৫ আগস্ট ২০১৯, ২১:২৯

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাজার জিয়ারত করতে যাওয়ার সময় নৌ দুর্ঘটনায় আছিয়া খাতুন নামের এক নারী নিহত হয়েছেন। নিহত ঐ নারীর বাড়ি কুমিল্লা জেলার হোমনা উপজেলার রঘুনাথপুর গ্রামে। বৃহস্পতিবার সকালে নবীনগর উপজেলার রছুল্লাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নবীনগর উপজেলার পার্শ্ববর্তী হোমনা উপজেলার রঘুনাথপুর গ্রামের খোরশেদ মিয়ার স্ত্রী আছিয়া খাতুন একটি ইঞ্জিনচালিত নৌকা করে আখাউড়ার খরমপুরে কেল্লাশাহ্র মাজার জিয়ারত করতে যাচ্ছিলেন। নৌকাটিতে আরো ৩০ জনের মতো যাত্রী ছিল। তারা সবাই ঐ মাজার জিয়ারতে যাচ্ছিলেন। রসুল্লাবাদ গ্রামের পূর্বপাড়ায় যমুনা নদীর ওপর নির্মিত একটি কাঠের সেতুর নীচ দিয়ে যাওয়ার সময় নৌকাটি সেতুর সঙ্গে ধাক্কা খায়। এতে সেতুটি ভেঙে পড়ে ও নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা অন্যরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও আছিয়া খাতুন ডুবে মারা যান।