সকালে ঘুম থেকে উঠে অনেকেই খালি পেটে পেটের ব্যথা অনুভব করেন। এই ব্যথা কখনো হালকা, কখনো তীব্র হতে পারে এবং অনেক সময় নিয়মিতভাবেই ফিরে আসে। কেউ কেউ ভাবেন এটি গ্যাসের সমস্যা, কেউ বলেন আলসার, আবার কারও মনে হয় হয়তো এটি কোনো গুরুতর অসুখের ইঙ্গিত। আসলে খালি পেটে পেট ব্যথার পেছনে একাধিক কারণ থাকতে পারে এবং প্রতিটি কারণের ধরন, লক্ষণ ও চিকিৎসা পদ্ধতিও আলাদা।
খালি পেটে জ্বালাপোড়া বা ব্যথা হলে অনেকেই সেটিকে সাধারণ ‘গ্যাস্ট্রিকের সমস্যা’ বলে ধরে নেন। কিন্তু খালি পেটে ব্যথা খাওয়ার পর কিছুটা কমে গেলে এর পেছনে ডিওডেনাল আলসার নামের রোগ থাকতে পারে।
ডিওডেনাম হলো ক্ষুদ্রান্ত্রের প্রথম অংশ, যা পাকস্থলীর সঙ্গে সংযুক্ত। এই অংশে কোনো ক্ষত বা ঘা তৈরি হলে তাকে ডিওডেনাল আলসার বলা হয়। এটি বেশ পরিচিত একটি রোগ এবং সঠিক সময়ে চিকিৎসা নিলে অধিকাংশ ক্ষেত্রেই ভালো হয়ে যায়। ডিওডেনাল আলসারের অন্যতম কারণ হলো হেলিকোব্যাকটার পাইলোরি নামের একটি জীবাণুর সংক্রমণ। এছাড়া দীর্ঘদিন ব্যথানাশক ওষুধ সেবন, ধূমপান, অনিয়মিত জীবনযাপন ও কিছু ক্ষেত্রে কোনো কারণে অতিরিক্ত অ্যাসিড নিঃসরণও এর ঝুঁকি বাড়াতে পারে।
তবে গ্যাস ও আলসার ছাড়াও খালি পেটে পেট ব্যথার আরও কিছু সম্ভাব্য কারণ রয়েছে। যেমন, গলব্লাডারের পাথর, প্যানক্রিয়াটাইটিস (অগ্ন্যাশয়ের প্রদাহ), গ্যাস্ট্রাইটিস (পাকস্থলীর দেয়ালের প্রদাহ), খাদ্য অ্যালার্জি, অ্যাসিড রিফ্লাক্স এবং স্ট্রেস বা মানসিক চাপজনিত সমস্যা। গলব্লাডারের সমস্যা হলে ব্যথা ডান দিকে বেশি হয় এবং চর্বিযুক্ত খাবার খাওয়ার পর বাড়তে পারে। প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে ব্যথা তীব্র ও পেছনে ছড়িয়ে পড়ে। গ্যাস্ট্রাইটিস বা অ্যাসিড রিফ্লাক্সে পেট ফুলে থাকা, ঢেঁকুর ওঠা, অম্বল অনুভব হওয়া ইত্যাদি উপসর্গ দেখা যায়। মানসিক চাপ ও দুশ্চিন্তাও পাকস্থলীর অ্যাসিড নিঃসরণ বাড়িয়ে দেয়, ফলে খালি পেটে ব্যথা হতে পারে।
অনেক সময় সকালে খালি পেটে পানি না খাওয়া কিংবা দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে পাকস্থলীর অ্যাসিড ক্ষতিকর প্রভাব ফেলে। বিশেষ করে যাদের ডায়েটিং করার প্রবণতা আছে বা যারা ব্রেকফাস্ট বাদ দেন, তাদের মধ্যে এই ধরণের ব্যথার প্রবণতা বেশি দেখা যায়। দীর্ঘ সময় উপোস থাকার ফলে পাকস্থলীর স্বাভাবিক সুরক্ষার স্তর দুর্বল হয়ে পড়ে এবং অ্যাসিড পেটের দেয়ালে আঘাত করে ব্যথা সৃষ্টি করে।
এই ধরণের ব্যথাকে অবহেলা না করে সঠিকভাবে পর্যবেক্ষণ করা জরুরি। ব্যথা যদি নিয়মিত হয়, খাওয়ার সঙ্গে সম্পর্ক থাকে, ব্যথার ধরন যদি বারবার একই রকম হয় বা সাথে ওজন কমে যাওয়া, বমি, রক্ত বমি, মল কালো হওয়া, ক্ষুধামান্দ্য ইত্যাদি লক্ষণ দেখা দেয়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। প্রয়োজন হলে আলট্রাসনোগ্রাফি, এন্ডোস্কোপি বা রক্ত পরীক্ষা করতে হতে পারে।
চিকিৎসার পাশাপাশি কিছু জীবনধারাগত পরিবর্তন পেটের ব্যথা কমাতে সাহায্য করে। প্রতিদিন সকালে খালি পেটে হালকা গরম পানি খাওয়া, সময়মতো খাবার খাওয়া, অ্যালকোহল, চা-কফি ও মসলাযুক্ত খাবার এড়িয়ে চলা, পর্যাপ্ত পানি পান, মানসিক চাপ কমানো এবং ঘুম ঠিক রাখা এই সমস্যার প্রতিরোধে সহায়ক হতে পারে। প্রয়োজন হলে খাবারের অভ্যাস ও ওষুধ ব্যবহারের ক্ষেত্রেও চিকিৎসকের পরামর্শ নিয়ে পরিবর্তন আনা উচিত।
সবশেষে বলা যায়, খালি পেটে পেট ব্যথা খুব সাধারণ একটি উপসর্গ হলেও এর কারণ জটিল হতে পারে। তাই আত্মনির্ভর হয়ে শুধু গ্যাসের ওষুধ খেয়ে সময় পার না করে সমস্যাটির প্রকৃত উৎস চিহ্নিত করে ব্যবস্থা নেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। স্বাস্থ্য সচেতনতা ও যথাযথ চিকিৎসাই পারে আপনাকে এই বিরক্তিকর ও সম্ভবত বিপজ্জনক সমস্যা থেকে মুক্তি দিতে।
মনে রাখতে হবে, সব পেটব্যথাই সাধারণ গ্যাস্ট্রিকের ব্যথা নয়। শরীরের সংকেতকে গুরুত্ব দিন। সময়মতো রোগ শনাক্ত ও চিকিৎসা শুরু করা গেলে ডিওডেনাল আলসারের জটিলতা অনেকাংশেই এড়ানো সম্ভব।

