শিক্ষাপ্রতিষ্ঠান হচ্ছে পাওয়ার হাউজ ------------ড. আরেফিন সিদ্দিক

আপডেট : ১৫ আগস্ট ২০১৯, ২১:২৯

শিক্ষাপ্রতিষ্ঠান হচ্ছে পাওয়ার হাউজ। যা মানুষের মনের অন্ধকার ঘরকে আলোকিত করে। শিক্ষার মূল উদ্দেশ্য মানুষ হওয়া, মনুষ্যত্বের বিকাশ ঘটানো— ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বুধবার বিকেলে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর সুরাজ মোহিনী ইনস্টিটিউট (স্কুল অ্যান্ড কলেজ) মাঠ প্রাঙ্গণে ঢাকাস্থ খানখানাপুর সমিতির উদ্যোগে গুণীজন ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মেধাবী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রধান অতিথি পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সুরাজ মোহিনী ইনস্টিটিউট (স্কুল অ্যান্ড কলেজ) ও খানখানাপুর তমিজুদ্দিন খান উচ্চবালিকা বিদ্যালয়ের ৪২ জন ছাত্রছাত্রী এবং ১৭ জন প্রাক্তন শিক্ষক ও মরণোত্তর শিক্ষকদের মাঝে সংবর্ধনা ক্রেস তুলে দেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ইসরাত জাহান তন্নি নির্মিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্য প্রধান অতিথি হাত দিয়ে তমিজুদ্দিন খান উচ্চবালিকা বিদ্যালয়ে স্থাপন করার জন্য হস্তান্তর করেন।

ঢাকাস্থ খানখানাপুর সমিতির আহ্বায়ক গাজী আশরাফুল বারী মুকুল ও সদস্য সচিব মো. সাইদুর রহমান টিপুর তত্ত্বাবধানে অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন সাবেক জেলা ও দায়রা জজ মো. শামসুল হক।  এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ীর সাবেক সংসদ সদস্য মুন্সি আব্দুল লতিফ, অ্যাড. আসলাম মিয়া, প্রকৌশলী মজিবুর রহমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রাকিবুল হাসান পিয়াল, বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম লাল, খানখানাপুর সুরাজ মোহিনী ইনস্টিটিউট (স্কুল অ্যান্ড কলেজ) অধ্যক্ষ সিরাজউদ্দিন বিশ্বাস প্রমুখ।