ভিজিএফের চাল কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে নেওয়ার সময় পাবনার আতাইকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যার খন্দকার আতিয়ার হোসেনসহ তিন জনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ভোরে।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে চেয়ারম্যানের ব্যক্তিগত গাড়ি চালক উজ্জল, ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মিলন পরিষদের গুদাম থেকে ১৬ বস্তা চাল কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে গাড়িতে নেওয়ার সময় গঙ্গারামপুর বাজারে স্থানীয় জনতা আটক করে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে চালসহ চেয়ারম্যান ও দুই জনকে আটক করে। পাবনা সদর উপজেলার সহকারী ভূমি কমিশনার রোকসানা মিতার নেতৃত্বে পরিষদের গুদাম তল্লাশি করে আরো ২২ বস্তা চাল উদ্ধার হয়। এ ব্যাপারে ইউনিয়ন রিলিফ বণ্টন কর্মকর্তা ও উপসকারী প্রকৌশলী এলজিইডি পাবনা ফরহাদ লতিফ বাদী হয়ে চাল ব্যবসায়ী মুন্নাফসহ চারজনকে আসামি করে একটি মামলা করেন। আটকৃত তিনজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, ভিজিএফের চাল কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে নেওয়ার সময় চেয়ারম্যানসহ তিন জনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত চাল থানা হেফাজতে রয়েছে।
