নকলায় পাওনা টাকা চাইতে গিয়ে প্রাণ গেল দিনমজুরের

আপডেট : ১৫ আগস্ট ২০১৯, ২১:৩১

নকলা উপজেলার চরমধুয়া গ্রামে বৃহস্পতিবার সকালে মজুরির পাওনা ৭০০ টাকা চাওয়ায় গৃহস্থের হামলায় জলিল মিয়া নামে এক দিনমজুর নিহত হয়েছে। নিহত জলিল চরমধুয়া নামাপাড়া এলাকার ছফর উদ্দিনের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকালে উপজেলার চরমধুয়া নামাপাড়া এলাকার হাজী মোশারফ হোসেনের কাছে মজুরির পাওনা ৭০০ টাকা চাইতে যায় জলিল। মোশাররফ টাকা দিতে অসম্মতি জানালে জলিল তাকে গালাগাল করে। এতে ক্ষিপ্ত হয়ে মোশাররফ নদী পাড়ি দিয়ে এপারে এসে জলিলকে দৌড়িয়ে নিয়ে এক বাড়িতে তুলে মারধর করে। এতে ঘটনাস্থলে জলিল মারা যায়। খবর পেয়ে চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ জলিলের লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

খবর পেয়ে শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।