সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মরা যাদুকাটা নদীতে নৌকা দিয়ে যাওয়ার সময় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে এক যুবক নিহত হয়ে পানিতে পড়ে নিখোঁজ রয়েছে। তার নাম মো. সুমন মিয়া। সে উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের সিরাজপুর (বাটগাঁও) গ্রামের মো. ইসলাম উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার দুপুরে মরা যাদুকাটা নদীতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাটগাঁও থেকে উলামনগর বসন্তপুর পর্যন্ত মরা যাদুকাটার নদীর ওপর দিয়ে বিদ্যুতের সঞ্চালন লাইনের তার ছিঁড়ে পানিতে পড়ে যায়। সুমন মিয়া নৌকা করে মরা যাদুকাটা নদী দিয়ে নিজ বাড়ি ফেরার পথে পানিতে পড়ে যাওয়া তারের সঙ্গে স্পৃষ্ট হয়ে পানিতে পড়ে নিখোঁজ হয়।
বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার তত্পরতা শুরু করেছে।
