সরকার নির্বাচনী ইশতেহারের পাশাপাশি জাতীয় জুলাই সনদও সমান গুরুত্ব দিয়ে বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ। তিনি বলেন, দুই প্রতিশ্রুতির সমন্বিত বাস্তবায়নের মাধ্যমে সরকারের কর্মপরিকল্পনা এগিয়ে নেওয়া হচ্ছে।
শুক্রবার (১৮ জুলাই) বর্তমান সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রেস সচিব বলেন, বর্তমান সরকার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের পাশাপাশি জাতীয় জুলাই সনদে স্বাক্ষরিত প্রতিশ্রুতিগুলোও পর্যায়ক্রমে বাস্তবায়ন করছে। এর মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় ঘোষিত অঙ্গীকারগুলোর বাস্তব প্রতিফলন ঘটানো হচ্ছে।
সাবেক সরকারের সমালোচনা করে তিনি বলেন, অতীতে উন্নয়নের অনেক প্রচারণা হলেও বাস্তবে বিভিন্ন ক্ষেত্রে অবনতি হয়েছে। বিশেষ করে ধর্মীয়, সামাজিক ও পারিবারিক মূল্যবোধের অবক্ষয়কে তিনি সবচেয়ে উদ্বেগজনক বলে উল্লেখ করেন। তার ভাষ্য, মানসিক ও পারিবারিক মূল্যবোধের উন্নয়ন ছাড়া কোনো দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়।
আবু আবদুল্লাহ এম ছালেহ বলেন, প্রধানমন্ত্রী কথার চেয়ে কাজে বিশ্বাসী। দেশের গুণগত পরিবর্তন আনতে তিনি নিজেই কাজ করছেন এবং দল-মত-নির্বিশেষে সবাইকে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মতের পার্থক্য ব্যালটের মাধ্যমে নির্ধারিত হতে পারে, কিন্তু দেশ গড়ার প্রশ্নে জাতীয় ঐক্য প্রয়োজন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ব্যক্তিপূজার সংস্কৃতি থেকে বেরিয়ে এসেছেন এবং কোনো ধরনের বন্দনার রাজনীতিতে বিশ্বাস করেন না। তিনি জনসম্পৃক্ততাকে গুরুত্ব দিয়ে নিয়মিত মানুষের সঙ্গে কাজ করছেন। এ লক্ষ্যেই প্রায় প্রতি মাসে ঢাকার বাইরে বিভিন্ন জেলায় সফর করে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করছেন।
প্রেস সচিবের দাবি, চলতি অর্থবছরের বাজেট সরকারের অন্যতম বড় অর্জন। তার ভাষ্য, বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে অস্বাভাবিক বৃদ্ধি কিংবা জনজীবনে অস্থিরতা সৃষ্টি হয়নি। এজন্য তিনি এ বাজেটকে ‘জীবনবান্ধব বাজেট’ হিসেবে উল্লেখ করেন।

