প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, আমাদের দায়িত্ব হবে সে লক্ষ্যে কাজ করে তার স্বপ্ন পূরণ করা। তাহলেই জাতির পিতার বিদেহী আত্মা শান্তি পাবে। গতকাল বৃহস্পতিবার জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সুপ্রিম কোর্ট আয়োজিত ‘স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির’ উদ্বোধন শেষে প্রধান বিচারপতি এসব কথা বলেন।
তিনি বলেন, আজ শোকাবহ ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস। ইতিহাসের বেদনা-বিধুর ও বিভীষিকাময় এক দিন। স্বাধীন বাংলাদেশের স্থপতি ১৯৭৫ সালের এই দিনে পরিবার-পরিজনসহ নির্মম হত্যাকাণ্ডের শিকার হন। এটা ছিল স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অশ্রুভেজা কলঙ্কময় রাত। বাঙালি জাতি আজ গভীর শোক ও শ্রদ্ধায় তার শ্রেষ্ঠ সন্তানকে স্মরণ করছে। আজকের এই দিনে যারা শহীদ হয়েছিলেন তাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. ইমান আলী, বিচারপতি মো. নুরুজ্জামান, বিচারপতি আবু বকর সিদ্দিকী ও হাইকোর্টের বিচারপতিগণ উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ রক্তদান কর্মসূচি আয়োজনে সহযোগিতা করে। রক্তদান কর্মসূচি ছাড়াও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গতকাল সকাল সাড়ে ৯টায় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিগণ, আইনজীবী ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে কোরআন খতম ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এর আগে সকাল পৌনে ৭টায় ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
