রাজধানীর আদাবর থানাধীন মেহেদীবাগ হাউজিং খালপাড় এলাকা থেকে ডাকাতির প্রস্তুতির সময় চাপাতিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৮ জুলাই) দুপুরে আদাবরের মেহেদীবাগ হাউজিংয়ের খালপাড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শাকিল (২৫), মো. নয়ন মাতুব্বর (২৮) ও মো. ইয়াছিন (২৫)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী ঘটনার সত্যতা নিশ্চিত করে।
তিনি জানান, শনিবার দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মেহেদীবাগ হাউজিং খালপাড় এলাকায় ডাকাত দলের কয়েকজন সদস্য সামুরাই, চাপাতি ও দেশি অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে বেলা পৌনে দুইটার দিকে আদাবর থানা-পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ৩টি স্টিলের তৈরি চাপাতি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ঢাকার আদাবর ও মাদারীপুর সদর থানায় চাঁদাবাজি ও হত্যাচেষ্টার একাধিক মামলা রয়েছে। এর মধ্যে শাকিল ও ইয়াছিনের বিরুদ্ধে রাজধানীর আদাবর থানায় একটি করে মামলা আর নয়নের বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় দুটি মামলা রয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

