ফাইনালেও গোল করবেন মেসি, দৃঢ় বিশ্বাস এমবাপ্পের

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ১৬:২৮

ইংল্যান্ডের বিপক্ষে গোলবন্যা আর রোমাঞ্চে ঠাসা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ৬-৪ ব্যবধানে হেরেছে ফ্রান্স। তবে ট্রফিহীন এই হারের রাতেই ফুটবল ইতিহাসের পাতায় নতুন রেকর্ড গড়েছেন কিলিয়ান এমবাপ্পে। লিওনেল মেসিকে টপকে এখন তিনিই বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। কিন্তু রেকর্ডের চূড়ায় দাঁড়িয়েও ফরাসি অধিনায়কের সবটুকু মনোযোগ কেড়ে আছেন এলএম১০। এমবাপের স্পষ্ট বিশ্বাস, রবিবারের ফাইনালেও গোল পাবেন ৩৯ বছর বয়সী এই আর্জেন্টাইন মহাতারকা।

ম্যাচ শেষে ফক্স স্পোর্টসের মুখোমুখি হয়ে এমবাপে জানান, মেসির গোল করার ক্ষমতা নিয়ে তার মনে কোনো সংশয় নেই। ফরাসি ফরোয়ার্ড বলেন, ‘লিও সব সময় গোল করে। আগামীকালও সে নিশ্চিতভাবেই গোল করবে।’

বিশ্বকাপে নিজের ২১ ও ২২তম গোলটি করে মেসিকে ছাড়িয়ে যাওয়ার পর এমবাপ্পে স্তুতি ঝরেছে আর্জেন্টাইন অধিনায়কের প্রতি। তবে নিজের এমন মহীরুহ রেকর্ডের চেয়ে মেসির মতো রবিবারের ফাইনাল খেলতে না পারার আক্ষেপটাই এখন বড় এমবাপ্পের কাছে।

উত্তর আমেরিকার এই বিশ্বকাপে ১০ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে মেসির (৮ গোল) চেয়ে এগিয়ে গেছেন রিয়াল মাদ্রিদের এই ২৭ বছর বয়সী ফরোয়ার্ড। তবে নিজের এই কীর্তিকে এক পাশে সরিয়ে রেখে এমবাপ্পে বলেন, ‘আমি শুধু প্রতিবার আমার দলকে গোল করতে সাহায্য করার চেষ্টা করি। এটা নিশ্চিত যে আপনি যখন বিশ্বকাপে এত গোল করেন, তখন এটি আপনাকে নির্দিষ্ট স্তরে উন্নীত করে। তবে আমি বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা না হয়ে, বরং আগামীকাল বিশ্বকাপের ফাইনালে খেলতে পারাটা বেশি পছন্দ করতাম।’

মেসির ক্যারিয়ারের ষষ্ঠ ও সম্ভাব্য শেষ বিশ্বকাপের ফাইনাল স্পেনের বিরুদ্ধে। এমবাপ্পের করা রেকর্ডটি মেসি আবার নিজের করে নিতে পারবেন কি না, সেই উত্তর দেবে সময়। তবে ফাইনালের মহাদৈত্য লড়াইয়ের আগে এমবাপ্পে নিশ্চিত যে মেসির পা থেকে গোল আসবেই।

 

ইত্তেফাক/এসএইচ