যুক্তরাষ্ট্রের নিষেধ সত্ত্বেও ইরানি ট্যাংকারকে ছেড়ে দিল জিব্রাল্টার

আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ০০:০৯

ভূমধ্যসাগরে ব্রিটিশ রয়্যাল মেরিনের সহায়তায় জব্দ করা ইরানি তেলবাহী দৈত্যাকার সুপার ট্যাংকারটি অবশেষে ছেড়ে দিয়েছে যুক্তরাজ্য অধিকৃত জিব্রাল্টার কর্তৃপক্ষ। তবে যুক্তরাষ্ট্র তাদের ‘নিষেধ’ করায় কিছুসময়ের জন্য দোটানায় পড়ে গিয়েছিল দেশটির কর্তৃপক্ষ। ওয়াশিংটন নাখোশ হলেও শেষমেশ গতকাল তেলবাহী ট্যাংকারটি মুক্ত করে দেয় তারা।

গত ৪ জুলাই যুক্তরাজ্য নিয়ন্ত্রিত জিব্রাল্টার প্রণালী থেকে ট্যাংকারটি জব্দ করে ব্রিটিশ মেরিন সেনারা। ইতোমধ্যেই জাহাজের সব ক্রুকে মুক্তি দেয়া হয়েছে। জব্দ করার পর থেকে ইরান ও ব্রিটেনের মধ্যে কূটনৈতিক অচলাবস্থা দেখা দেয়। এমনকি ইরানও একাধিক ব্রিটিশ জাহাজ আটকের চেষ্টা করে বলে অভিযোগ ওঠে। অন্যদিকে, ব্রিটেন দাবি করেছে, - অপরিশোধিত তেল নিয়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করে সিরিয়ার উদ্দেশ্যে যাওয়ার সময় জাহাজটি জব্দ করা হয়। তবে ইরান বলেছে জাহাজটি সিরিয়ায় যাচ্ছিল না এবং সিরিয়ার কোনও বন্দরেই এ ধরনের জাহাজ ভিড়তে পারে না।

জিব্রাল্টার জানিয়েছিল, ইরানি ট্যাংকারটি যদি সিরিয়ায় না গিয়ে আবার ঘরের উদ্দেশে রওনা হয় তবে সেটি ছেড়ে দেয়া হবে। ফিরে যাবার লিখিত প্রতিশ্রুতি পেয়ে সেটি ছেড়ে দিয়েছে তারা। । -বিবিসি