নানা সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতাকে শ্রদ্ধা জানালেন সংস্কৃতি কর্মীরা। ছিল চিত্র প্রদর্শনী, আলোকচিত্র প্রদর্শনী, নাটক মঞ্চায়ন প্রভৃতি। এর পাশাপাশি ছিল সেমিনার আলোচনা সভা। গতকাল বৃহস্পতিবার ৪৪তম শাহাদতবার্ষিকীতে এভাবেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র ভালোবাসা জানান শিল্পীরা।
জাতীয় শোক দিবসের বিকালে ‘বঙ্গবন্ধুকে জানো বাংলাদেশকে জানো’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ শিশু একাডেমি। এতে মূল বক্তা ছিলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। একাডেমি পরিচালক আনজীর লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার। এছাড়া অনুষ্ঠানে যুক্ত হয় শিশু একাডেমি থেকে প্রকাশিত বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক ২৫টি সিরিজ গ্রন্থমালা প্রদর্শনী, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশবিষয়ক আলোকচিত্র প্রদর্শনী, বঙ্গবন্ধুকে নিবেদিত ছড়াপাঠ, শিশু বক্তাদের অনুভূতি প্রকাশ ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে শোভা পাচ্ছে বঙ্গবন্ধুর ব্যবহূত স্মৃতি নিদর্শনসহ মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে তাকে নিয়ে দেশ-বিদেশের পত্রিকার সংবাদের সচিত্র প্রতিবেদন, রাজনৈতিক থেকে পারিবারিক জীবনের প্রতিচ্ছবিময় আলোকচিত্র, মুজিবকে নিয়ে চিত্রিত চিত্রকর্ম এবং তাকে নিয়ে রচিত গ্রন্থসম্ভারে সাজানো হয়েছে প্রদর্শনীটি। জাতীয় শোক দিবস মুজিবময় এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে জাদুঘর কর্তৃপক্ষ। প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের নির্বাচনী প্রচারণার সময় বঙ্গবন্ধুর ব্যবহূত একটি বাইসাইকেল। মাসব্যাপী প্রদর্শনীটি চলবে ৩১ আগস্ট পর্যন্ত। গতকাল বিকালে সেমিনারের আয়োজন করে জাতীয় জাদুঘর। কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘ভয়াবহ আগস্ট’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক প্রণব সাহা। সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংস্কৃতিবিষয়ক সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল। আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ও বিশিষ্ট সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল। সভাপতিত্ব করেন জাদুঘরের মহাপরিচালক মো. রিয়াজ আহম্মদ।
সন্ধ্যায় বেইলি রোডের অফিসার্স ক্লাব মিলনায়তনে মঞ্চস্থ হয় বঙ্গবন্ধু ও তার পরিবার-পরিজনদের নির্মম হত্যাকাণ্ড নিয়ে নাটক ‘শ্রাবণ ট্র্যাজেডি’। মহাকাল নাট্য সম্প্রদায়ের ৪০তম প্রযোজনার ১৫তম প্রদর্শনী হয় এদিন।
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শিল্পের আলোয় বঙ্গবন্ধু শীর্ষক মাসব্যাপী কর্মসূচি নিয়েছে শিল্পকলা একাডেমি। একাডেমির জাতীয় চিত্রশালার এক নম্বর গ্যালারিতে পয়লা আগস্ট থেকে চলছে চিত্রকর্ম ও আলোকচিত্র প্রদর্শনী। শতাধিক শিল্পীর আঁকা চিত্রকর্মের সঙ্গে প্রদর্শনীতে যুক্ত হয়েছে সংগৃহীত আলোকচিত্র। সাদা-কালো ফ্রেমবন্দি ছবিগুলোতেও নানা প্রেক্ষাপটে মুজিবের দেখা মেলে। আগস্ট মাস জুড়ে চলবে এ প্রদর্শনী।
