মঞ্চ ছাড়তে অনীহা ট্রাম্পের, বিব্রতকর পরিস্থিতিতে ফিফা সভাপতি

আপডেট : ২০ জুলাই ২০২৬, ১০:১২

২০২৬ বিশ্বকাপের শিরোপা জয়ের উচ্ছ্বাসে যখন মাতোয়ারা স্পেনের ফুটবলাররা, তখনই পুরস্কার বিতরণী মঞ্চে ঘটে ভিন্ন এক ঘটনা। ট্রফি তুলে দেয়ার পরও মঞ্চ ছাড়তে অনীহা দেখান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই আচরণ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

ফাইনালের শুরুতেই স্ত্রীকে সঙ্গে নিয়ে ভিআইপি গ্যালারিতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পাশে বসে খেলা উপভোগ করেন ট্রাম্প। স্টেডিয়ামের বড় পর্দায় তাকে দেখানোর সঙ্গে সঙ্গেই দর্শকদের একাংশ শিস ও বিদ্রুপে প্রতিক্রিয়া জানায়। তবে এসব উপেক্ষা করে ইনফান্তিনোর সঙ্গে আলাপচারিতায় ব্যস্ত ছিলেন তিনি। একপর্যায়ে বিশ্বকাপ ট্রফিও তার হাতে তুলে দেয়া হলে কিছুক্ষণ সেটি সামনে রেখে দেখেন ট্রাম্প।

ম্যাচ শেষে ইনফান্তিনোর সঙ্গে পুরস্কার বিতরণী মঞ্চে ওঠেন মার্কিন প্রেসিডেন্ট। এরপর ট্রাম্প ও ইনফান্তিনো যৌথভাবে দুই দলের খেলোয়াড়দের গলায় পদক পরিয়ে দেন। পরে স্পেন অধিনায়ক রদ্রির হাতে বিশ্বকাপের ট্রফি তুলে দেন তিনি।

তবে ট্রফি হস্তান্তরের পরই শুরু হয় নতুন বিতর্ক। স্পেনের ফুটবলাররা শিরোপা উদযাপনের প্রস্তুতি নিলেও ট্রাম্প মঞ্চেই দাঁড়িয়ে থাকেন। ফিফার কয়েকজন কর্মকর্তা তাকে সরে দাঁড়ানোর অনুরোধ জানান, যাতে খেলোয়াড়রা স্বাভাবিকভাবে উদযাপন করতে পারেন। তিনি কিছুটা সরে গেলেও মঞ্চ ত্যাগ করেননি।

এমনকি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও তাকে মঞ্চ থেকে নামিয়ে আনার চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত ট্রাম্প খেলোয়াড়দের পাশেই দাঁড়িয়ে উদযাপনের মুহূর্তে অংশ নেন।

তবে এ ধরনের ঘটনা ডোনাল্ড ট্রাম্পের জন্য নতুন নয়। এর আগেও ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসির শিরোপা উদযাপনের সময় খেলোয়াড়দের সঙ্গে মঞ্চে অবস্থান করেছিলেন তিনি। ওই সময় চেলসির অধিনায়ক রিস জেমস তাকে সরে যাওয়ার ইঙ্গিত দেন। তবে এবার স্পেনের কোনো খেলোয়াড়কে এমন প্রতিক্রিয়া দেখাতে দেখা যায়নি।

 
ইত্তেফাক/ আরএইচ