গরিবের হক নষ্টকারীদের বিচারের আওতায় আনা হোক ---- মেয়র জাহাঙ্গীর আলম

আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ০০:১১

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম  বলেছেন, কোরবানির চামড়ার কারসাজির সঙ্গে জড়িত থেকে যারা গরিব-দুঃখী মানুষের মুখের হাসি ও সরকারের ভাবমর্যাদা নষ্ট করেছে তাদের আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করা হোক। তিনি গতকাল বৃহস্পতিবার বিকালে এক সাক্ষাত্কারে সাংবাদিকদের এ কথা বলেন।

মেয়র বলেন, চামড়ার দেশীয় ও আন্তর্জাতিক বাজার যাচাই করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এসব ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। এতিম ও গরিব মানুষের ভাগ্য নিয়ে যারা ছিনিমিনি করেছে তারা সরকার ও জনগণের শত্রু। তিনি বলেন, ‘পশুর চামড়া নিয়ে যারা এ ধরনের কাজ করেছে তাদের কারখানা যদি গাজীপুর সিটি করপোরেশনের মধ্যে থাকে, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।’

তিনি আরো বলেন, ‘আমরা জন্মের পর থেকে দেখেছি গরুর চামড়া সব সময়ই ১ হাজারের বেশি ছিল। হঠাত্ করে ঈদের দিন এ কুচক্রিমহল চামড়ার দাম ১০০ টাকা থেকে ৪০০ টাকা করে কেনা শুরু করেন।’

মেয়র জাহাঙ্গীর আলম বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে চামড়া বিদেশে রপ্তানি করার কথা বলার পর যারা এর বিরোধিতা করেছে তাদের বিরুদ্ধে যেন সরকার ব্যবস্থা নেয়, সেজন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।’

 মেয়র আরো বলেন, ‘আমরা সিটি করপোরেশনের পক্ষ থেকেও বিশ্বের বিভিন্ন দেশে এর দাম ও কী পদ্ধতিতে এর প্রসেস করা হয় তা যাছাই করে দেখব।’