কানাডায় খুনি নূর চৌধুরীর বাসার গেটে জুতা-স্যান্ডেল

আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ০০:১১

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বঘোষিত খুনি লে. কর্নেল (বরখাস্ত) এন এইচ এম বি নূর চৌধুরীর টরন্টোর ইটোবিকোস্থ বাসার গেটে জুতা-স্যান্ডেল ঝুলতে দেখা গেছে। জাতীয় শোক দিবসের প্রাক্কালে ১৪ আগস্ট এই দৃশ্য দেখা যায়। ইতিপূর্বে আগামসি লেনে খন্দকার মোশতাকের বাসভবনের সামনেও ক্ষুব্ধ জনতা ঝাড়ু-জুতা নিক্ষেপ করেছিল।

উল্লেখ্য, নূর ১৯৯৬ সালে কানাডায় আসে এবং রাজনৈতিক আশ্রয় চায়। কিন্তু চার-চার বার তার রিফিউজি আবেদন প্রত্যাখ্যাত হয়। ২০০৭ সালের ২৩ মে রিফিউজি বোর্ডের সংশ্লিষ্ট বিভাগ তাকে কানাডা থেকে বহিষ্কারের আদেশ দেয়। আইনের জটিলতায় অসুস্থ নূর চৌধুরী এবং তার স্ত্রী রাশেদা খানম এই অত্যাধুনিক বিলাসবহুল কন্ডোতে দীর্ঘদিন ধরে বসবাস করছে।

কানাডা কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফেরত দেয় না—এই ধারায় নূর কানাডায় অবস্থান করছে। অথচ এখনো নূরকে বাংলাদেশে ফেরত নেওয়ার বেশ কটি আইনি সুযোগ রয়েছে বলে অভিজ্ঞ মহল মনে করেন। যেমন, দুই দেশের মধ্যে বিনিময় চুক্তির মাধ্যমে অথবা যে দেশ হয়ে কানাডায় প্রবেশ করেছে, সেই তৃতীয় দেশে ফেরত পাঠানোর জন্য চাপ সৃষ্টি কিংবা তার মৃত্যুদণ্ডাদেশ বাতিল করে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করলে। অনতিবিলম্বে সরকার এই পদক্ষেপগুলো নিলে নূরকে ফেরত নেওয়া সম্ভব বলে বিশেষজ্ঞরা মনে করেন।